করপোরেশনকে অকার্যকর করেছেন মনজুর আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য বিদায়ী মেয়র মোহাম্মদ মনজুর আলম চট্টগ্রাম সিটি করপোরেশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন। গতকাল বৃহস্পতিবার নির্বাচনী গণসংযোগে তিনি সাবেক মেয়রের কঠোর সমালোচনা করেন।
আ জ ম নাছির ভোটারদের উদ্দেশে বলেন, ‘মধ্যাহ্নভোজের পর নগরবাসী তাঁকে (মনজুর আলম) কখনো করপোরেশনের দপ্তরে পায়নি। নগরের মাটি ও মানুষের প্রতি তাঁর কোনো দায়িত্ব ও কর্তব্য আছে বলে মনে করেননি তিনি।’
নগরের গণি বেকারি, সিরাজদ্দৌলা রোড, কাপাসগোলা, বড় গেরেজ, মুন্সিপুকুর পাড়, পাঁচলাইশ আবাসিক এলাকা, কাতালগঞ্জ, চকবাজার, জয়নগর আবাসিক এলাকা, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম কলেজ রোড, দেবপাহাড়, কেবি ফজলুল কাদের রোড, মির্জাপুল, মুরাদপুর, মোহাম্মদপুর, খতিবের হাট, সুন্নিয়া মাদ্রাসা, আমিন জুট মিল এলাকায় গণসংযোগ করেন নাছির। এ সময় তাঁর সঙ্গে সাবেক সাংসদ নুরুল ইসলাম বিএসসি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম উপস্থিত ছিলেন।
গণসংযোগে নাছির উদ্দিন ভোটারদের উদ্দেশে বলেন, ‘মনজুর আলম বলে বেড়াচ্ছেন সরকার নাকি তাঁকে সহায়তা করেনি। এটা ডাহা মিথ্যা কথা। বর্তমান সরকার থেকে ৭০০ কোটি টাকারও বেশি সহায়তা পেয়েছেন তিনি। শুধু বিশ্বকাপ ক্রিকেটের সময় তিনি ৮৬ কোটি টাকার অনুদান পেয়েছিলেন। কিন্তু এসব টাকা তিনি কী করেছেন, একমাত্র তিনিই জানেন।’
মেয়র নির্বাচিত হলে ঘরে বসে থাকবেন না বলে নগরবাসীকে জানান আ জ ম নাছির। তিনি এ সময় বলেন, ‘আমি ঘরে বসে থাকার মানুষ নই। অতীতে আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে তখন সেটা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করেছি। মেয়র হলে নগরবাসীর স্বার্থ রক্ষায় আমি কখনো পিছপা হব না।’