জায়গার অভাবে আঞ্চলিক কার্যালয়, আধুনিক জবাইখানা ও বর্জ্য শোধনাগার নির্মাণ করতে পারছে না বরিশাল সিটি করপোরেশন। কিন্তু সেই করপোরেশনেরই প্রায় তিন একর সম্পত্তি প্লট আকারে বিক্রির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে এ-সংক্রান্ত একটি পরিকল্পনা অনুমোদনের জন্য মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।
অভিযোগ পাওয়া গেছে, মেয়র আহসান হাবিব কামাল ও কয়েকজন কাউন্সিলর আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য উদ্যোগটি নিয়েছেন। করপোরেশনের জায়গা প্লট আকারে বিক্রির প্রস্তাব দিয়েছেন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান। গত ১৫ সেপ্টেম্বর পরিষদের সভায় প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়। সেখানে সম্পত্তি বিক্রির অনুমোদন দেয় করপোরেশন।
স্থানীয়ভাবে নীতিমালা করে সিটি করপোরেশনের জায়গা প্লট আকারে বিক্রির পরিকল্পনাটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমার বিষয়টি স্বীকারও করেন। তিনি বলেন, করপোরেশনের ওই সম্পত্তিতে একটি স্কুল, পার্ক ও কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে। বাকি অংশ প্লট করে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এখন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা।
নগরের ৬ নম্বর ওয়ার্ডে আমানতগঞ্জ এলাকায় গফুর-শুক্কুর পার্কের পাশে করপোরেশনের প্রায় পাঁচ একর সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তিতে ছোট-বড় ঘর তুলে করপোরেশনের ৪০টি কর্মচারী পরিবার বর্তমানে বসবাস করছে। তবে সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎ বিভাগ থেকে উদ্ধার করা তিন একর সম্পত্তির মধ্যে ২৬টি পরিবার থাকে। ওই সম্পত্তির মধ্যে ৪০ থেকে ৫০টি প্লট করে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সাধারণ পরিষদ।
কাউন্সিলর হাবিবুর রহমান বলেন, ‘আমার ওয়ার্ডে করপোরেশনের জায়গা থাকায় সেখানে প্লট করার প্রস্তাব করেছি। তবে পরিষদের সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। ভাগ-বাঁটোয়ারা বা আর্থিকভাবে লাভবান হওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’
তবে অপর এক কাউন্সিলর বলেন, সিটি করপোরেশনের এমনিতেই সম্পত্তি নেই। তার ওপর ওই সম্পত্তিতে প্লট নির্মাণের উদ্যোগ নেওয়ায় অনেক কাউন্সিলর ভেতরে ভেতরে ক্ষুব্ধ।
বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান আমানতগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, সাবেক মেয়র শওকত হোসেন বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে বিদ্যুৎ বিভাগের আওতায় থাকা করপোরেশনের সম্পত্তি উদ্ধার করেছেন। সেই সম্পত্তিতে বর্তমানে করপোরেশনের কর্মচারীরা বসবাস করছেন। সেখানে কোনোভাবেই প্লট তৈরি করতে দেওয়া হবে না। প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।
যোগাযোগ করলে মেয়র আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত লাভের জন্য নয়। করপোরেশনের জায়গা পতিত অবস্থায় রয়েছে। ওই জায়গা বেহাত হওয়ার আশঙ্কায় সেখানে প্লট করে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। ওখানে থাকা করপোরেশনের কর্মচারীদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে। নিজস্ব কাজে, বিশেষ করে আঞ্চলিক কার্যালয়ের জন্য জায়গা লাগলে আমরা কিনে নেব।’