করপোরেশনের আওতার বাইরে অনেক প্রতিশ্রুতি দুই প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রধান দুই মেয়রপ্রার্থীর নির্বাচনী ইশতেহারে এমন কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে—যা করপোরেশনের কাজের আওতায় পড়ে না। ভোটারদের আকর্ষণ করতে এ দুই প্রার্থীর ইশতেহারে এসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। অথচ নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশক নিধন কর্মসূচি চালু রাখাসহ নাগরিক সুযোগ-সুবিধা ও সেবাদান ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণের কথা নেই ইশতেহারে।জানা গেছে, আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির মেয়রপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ইশতেহারে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে ভারত, নেপাল ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রকে বিটিবি-২ নামে প্রতিষ্ঠিত করা, চট্টগ্রাম বন্দরকে ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা, সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়কে আন্তর্জাতিক তীর্থকেন্দ্র ঘোষণা করে কেব্লকারসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা, কর্ণফুলী নদীর নাব্যতার জন্য খননের উদ্যোগ নেওয়া, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন স্থাপন ইত্যাদি রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব কাজ কোনোভাবেই করপোরেশনের আওতায় পড়ে না। আবার সীতাকুণ্ডের চন্দ্রনাথ তীর্থ সিটি করপোরেশন এলাকার বাইরে অবস্থিত। কর্ণফুলীর খনন কাজ নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দেখাশোনা করে। একইভাবে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন স্থাপন প্রকল্প বাস্তবায়ন করবে যোগাযোগ মন্ত্রণালয়। শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট চালুর বিষয়টি দেখবে বেসামরিক চলাচল কর্তৃপক্ষ।চট্টগ্রাম নাগরিক কমিটির প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ বলেন, ‘এসব কাজ বাস্তবায়ন সিটি করপোরেশনের আওতার মধ্যে পড়ে না ঠিক। তবে মহিউদ্দিন যে দলের সমর্থন নিয়ে নির্বাচন করছেন, সে দল এখন ক্ষমতায়। এ জন্য আমরা সরকারের কাছে বিষয়গুলো বাস্তবায়নের জন্য তুলে ধরব।’ অন্যদিকে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়রপ্রার্থী মোহাম্মদ মন্জুর আলমের নির্বাচনী ইশতেহারে চট্টগ্রাম বন্দরের পূর্ণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে অব্যাহতভাবে খনন, কর্ণফুলী নদীর ওপর আরও দুটি সেতু নির্মাণ, নদীর তলদেশে টানেল নির্মাণ ও শাহ আমানত বিমানবন্দরকে সত্যিকার বিমানবন্দরে পরিণত করার উদ্যোগ গ্রহণ এবং চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। অথচ কর্ণফুলী নদীতে সেতু বা টানেল নির্মাণ কোনোভাবেই সিটি করপোরেশনের আওতায় পড়ে না।চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক আবুল কাশেম চৌধুরী বলেন, ‘এগুলো সিটি করপোরেশনের কাজ নয়—এটা ঠিক। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে সিটি করপোরেশন কার্যকরভাবে সহযোগিতা ও সমন্বয় করতে পারে। আমরা ইশতেহারে এ সমন্বয়ের কথাই বলেছি।’সুজনের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান বলেন, ‘আমরা সাধারণ মানুষ, তাঁদের কাজের পরিধি সম্পর্কে বুঝি না। আমার মনে হয়, এ নিয়ে মেয়রপ্রার্থীদেরও অজ্ঞতা আছে। রেললাইন সম্প্রসারণ বা বন্দর ব্যবস্থাপনা আদৌ তাঁদের কাজ নয়। তাঁদের কাজ হচ্ছে, গন্ধ ছড়ানোর আগেই ডাস্টবিনের ময়লা পরিষ্কার করা। নাগরিকের জন্য ফুটপাত উন্মুক্ত করে দেওয়া। অথচ এ নিয়ে তাঁদের কোনো প্রতিশ্রুতি নেই।’