বিশ্বকাপ উপলক্ষে বিভাগীয় স্টেডিয়ামের কাছে গাড়ির পার্কিং নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের কাজের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র গত বুধবার তিন প্রকৌশলীকে কারণ দর্শাতে বলেছেন। ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে তাঁরা নিম্নমানের কাজ করাচ্ছেন।কারণ দর্শাতে বলা ওই তিন প্রকৌশলী হচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মো. মোখতার আলম, নির্বাহী প্রকৌশলী মো. ইয়াকুব নবী ও সহকারী প্রকৌশলী হারাধন আচার্য।জানা গেছে, গাড়ি পার্কিং নির্মাণের জন্য ১৮ ইঞ্চি পুরো কংক্রিটের আস্তর এবং তার ওপর চার ইঞ্চি পাথরের ঢালাইয়ের কাজ চলছে। গত বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম গিয়ে দেখতে পান, কংক্রিটের ঢালাই মাত্র সাত ইঞ্চি। আর পাথরের ঢালাই দেওয়া হয়েছে এক ইঞ্চি। এ ছাড়া নির্মাণসামগ্রীও নিম্নমানের।তিন প্রকৌশলীকে কারণ দর্শানোর কথা স্বীকার করে মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘তাঁদের ওপর বিশ্বাস রেখেছিলাম। তাঁরা বিশ্বাস ভঙ্গ করেছেন। কারণ দর্শানোর জবাব পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ জানা গেছে, নিম্নমানের পাশাপাশি কাজে ধীরগতির কারণে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও পার্কিং এলাকাসহ বিভিন্ন সড়কে কার্পেটিংয়ের কাজ শুরু হয়নি। ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সাগরিকা বিভাগীয় স্টেডিয়াম পর্যন্ত সড়ক এবং আশপাশে গাড়ির পার্কিং নির্মাণের জন্য সিটি করপোরেশন ৩৬ কোটি টাকার উন্নয়ন ও সংস্কারকাজ করছে।করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. ইয়াকুব নবী বলেন, ‘সব জায়গায় কাজের মান খারাপ হয়নি। ২৫টি দল কাজ করছে। তাদের সবাই পেশাদার ঠিকাদারও নয়। আমরা তাদের কতক্ষণ পাহারা দিয়ে রাখতে পারব? তাই কিছু এদিক-ওদিক হতে পারে।’৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবদুল করিম চট্টগ্রাম সার্কিট হাউসে এক বৈঠকে করপোরেশনের কাজের মান নিয়ে সন্দেহ প্রকাশ করেন। বিমানবন্দর থেকে সাগরিকা পর্যন্ত সড়কের কার্পেটিং নিয়ে সাধারণ মানুষের মধ্যেও অসন্তোষ রয়েছে। চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাস্তায় কার্পেটিং করার পর আগের চেয়ে বেশি ঝাঁকুনি লাগে। এর চেয়ে আগের ভাঙা সড়কই বরং ভালো ছিল।এদিকে সিটি করপোরেশন নির্ধারিত সময়ে উন্নয়ন ও সংস্কারকাজ শেষ করতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বিশ্বকাপ উপলক্ষে সরকার প্রতিশ্রুত ৮৭ কোটি টাকার মধ্যে ইতিমধ্যে ৫০ কোটি টাকা দিয়েছে। এর মধ্যে থোক বরাদ্দের আট কোটি এবং দুই কিস্তিতে ১৭ কোটি ও ২৫ কোটি টাকা দেওয়া হয়। অথচ এখনো এ টাকার কাজ শেষ করতে পারেনি সিটি করপোরেশন। এর মধ্যে নগরের তুলাতলী এলাকায় দুই কোটি ১৭ লাখ টাকায় একটি সেতু নির্মাণের দরপত্রও দেওয়া হয়নি। এর আগে সেতুটি নির্মাণের কাজ পান নগর যুবদলের সাধারণ সম্পাদক কাজী বেলাল উদ্দিন। কিন্তু লাভ হবে না জেনে তিনি সেতু নির্মাণ করতে রাজি হননি।