করপোরেশনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেছেন খালেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেকের সমর্থনে গতকাল রোববার সংবাদ সম্মেলন করেছে সম্মিলিত নাগরিক কমিটি। এতে দাবি করা হয়, আবদুল খালেক মেয়র থাকা অবস্থায় সিটি করপোরেশনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেছেন।

খুলনা প্রেসক্লাবে বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সম্মিলিত নাগরিক কমিটির সদস্যসচিব শাহ জাহাঙ্গীর আবেদ। তিনি বিগত পাঁচ বছরে সিটি করপোরেশনের মেয়র হিসেবে নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেকের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, সিটি করপোরেশনকে নিজের পায়ে দাঁড় করিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি নগরের রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়নের সঙ্গে জলাবদ্ধতা নিরসনেও উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন সদ্য সাবেক মেয়র। 

সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আইনজীবী এনায়েত আলী বলেন, ‘বিগত নির্বাচনে আমি খালেক সাহেবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। কিন্তু তাঁর কর্মকাণ্ড দেখে আমার মনে হয়েছে, নগরবাসীর সেবায় তাঁকে আরও একবার প্রয়োজন।’

নাগরিক কমিটির আহ্বায়ক সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী বলেন, খুলনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবদুল খালেককে দরকার।

সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী আবদুল খালেক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফায়েক উজ্জামান ও নগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মাদ আলমগীর।