করমজলে আবারও মারা গেল ১৯ কুমির ছানা
পূর্ব সুন্দরবনের করমজল কুমির প্রজননকেন্দ্রে আবারও ১৯টি কুমিরের বাচ্চা মারা পড়েছে। আজ রোববার দুপুরে কুমিরের মৃত বাচ্চাগুলোর খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করেছে বন বিভাগ। বন বিভাগের দাবি, উদ্ধার হওয়া মৃত ১৯টি কুমিরের বাচ্চা কোনো হিংস্র মাংসাশী প্রাণীর আক্রমণে মারা পড়েছে।
এ নিয়ে গত পাঁচ দিনের ব্যবধানে ৬২টি কুমিরের বাচ্চা হত্যা ও উধাও হওয়ার ঘটনা ঘটল। এদিকে অভিযোগ উঠেছে, কুমিরের বাচ্চা হত্যা ও নিখোঁজের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেউই সাংবাদিকদের মুঠোফোন ধরছেন না।
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের (খুলনা) বন সংরক্ষক মো. জাহিদুল কবির বলেন, আজ সকালে কুমির প্যানে (কৃত্রিম পুকুর) থাকা বাচ্চাগুলো রুটিন মাফিক দেখভালের সময় একটি প্যানে ১৬টি ও আরেকটি প্যানে ৩টি মৃত কুমির দেখা যায়। প্যানে এগুলো বিচ্ছিন্নভাবে ছড়ানো ছিটানো ছিল। কুমিরের মৃত বাচ্চাগুলোর গায়ে কামড় ও আঘাতের চিহ্ন রয়েছে। হিংস্র বন্য প্রাণী আক্রমণ চালিয়ে এ বাচ্চাগুলো হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জাহিদুল কবির আরও বলেন, দ্বিতীয় দফায় কুমিরের মৃত্যুর পর কুমির প্রজননকেন্দ্রে বন বিভাগের নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে অন্য প্যানে থাকা কুমিরের বাচ্চাগুলো। আজ রাতেই ওই প্যান এলাকায় প্রয়োজনীয়সংখ্যক সিসি ক্যামেরা বসানো হবে। কোনো বন্য প্রাণী আক্রমণ করে থাকলে সিসি ক্যামেরা দেখে তা নিশ্চিত করা যাবে।
এর আগে এ কেন্দ্রের দুইটি প্যান থেকে গত রোববার ও সোমবার দুই দফায় ৪৩টি কুমির নিখোঁজ হয়। এর মধ্যে রোববার প্রথম দফায় ২টি কুমিরের মৃতদেহ পাওয়া যায়। সোমবার সকালে আবারও ৪টি কুমিরের মৃতদেহ ও ৩টি কুমিরের দেহাবশেষ পাওয়া যায়। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মাহাবুবকে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বন বিভাগ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মেহেদীজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির আজ প্রতিবেদন দেওয়ার কথা ছিল।
আগের ৪৩টি কুমিরের বাচ্চা নিখোঁজ ও হত্যার ঘটনায় খুলনার দাকোপ থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ওমর ফারুক পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তার বরাত দিয়ে জানান, দুপুরে ডিএফও সাইদুল ইসলাম তাঁকে করমজল থেকে ফোন করে জানিয়েছেন, আরও ১৯টি কুমিরের বাচ্চা বন্য প্রাণী খেয়ে ফেলেছে। এগুলোর ছিন্নভিন্ন শরীর করমজলে পড়ে আছে। তিনি আরও জানান, দ্বিতীয় দফায় ১৯টি কুমির মারা পড়ার ঘটনায় রোববার বিকেলে করমজল পর্যটন কেন্দ্রের কর্মকর্তা তৌহিদুর রহমান দাকোপ থানায় আরও একটি সাধারণ ডায়েরি করেছেন।
তবে ঘটনার বিষয়ে জানতে পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম ও চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মেহেদীজ্জামান ও করমজল স্টেশন কর্মকর্তা তৌহিদুর রহমানকে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠিয়েও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।