বরিশাল মহানগরের বর্ধিত সাতটি ওয়ার্ডের কয়েক হাজার কৃষক পরিবার পড়েছে বিপাকে। তাদের ভূমিকর বেড়েছে কয়েক গুণ। শ্রমিকের মজুরিসহ ফসল উৎপাদন খরচ বেড়েছে। কৃষিতে সামান্যই লাভ হয়। অনেক কৃষককে আবার লোকসান গুনতে হয়। এ কারণে অনেক কৃষক কৃষিকাজ ছেড়ে দিচ্ছেন।
বরিশাল নগর কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, মহানগর এলাকায় কৃষিজমি রয়েছে ৪ হাজার ২৫৫ হেক্টর। কৃষক পরিবারের সংখ্যা ৪ হাজার ৮৭০। ২৪ থেকে ৩০ নম্বর পর্যন্ত নগরীর বর্ধিত ওয়ার্ড। ২০০২ সালে এসব এলাকা সিটি করপোরেশনের আওতায় আসে। মূলত নগরের মোট কৃষিজমির ৭০ শতাংশই এই সাতটি ওয়ার্ডে অবস্থিত।
জানতে চাইলে ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া এলাকার কৃষক দুলাল খান প্রথম আলোকে বলেন, ‘নিজেদের জমি ফেলে রাখব, তাই বাধ্য হয়ে চাষাবাদ করি। কিন্তু লাভ দূরে থাক, খরচের টাকাই ওঠে না। সিটি করপোরেশনের আওতাভুক্ত হওয়ায় এখন বছরে প্রতি শতাংশে ৫০ টাকা করে খাজনা দিতে হয়। আগে ৭ টাকা খাজনা লাগত। আগে আমার এক একর জমিতে ৭০০ টাকা খাজনা দিতে হতো, এখন সেখানে দিতে হয় ৫ হাজার টাকা। এরপর এক একর জমি চাষ, সার, বীজ, কীটনাশক বাবদ প্রায় ১২ হাজার টাকা ব্যয় হয়। আগে যেখানে ৩০০ টাকায় শ্রমিক পাওয়া যেত, এখন ৫০০ টাকায়ও পাই না। সিটি করপোরেশনের আওতায় পড়ায় সরকারি বীজ, সারসহ অন্যান্য কোনো সহায়তাও পাচ্ছি না। আগে ইউনিয়নের আওতায় থাকাকালে টুকটাক সহায়তা পাওয়া যেত। সব মিলিয়ে এক একর জমিতে ধান ফলাতে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়। ধান পাওয়া যায় সর্বোচ্চ ৫০ মণ। ঘরে ধান তোলার পর পর বিক্রি করলে প্রতি মণ ৫০০ টাকা দরে ২৫ হাজার টাকা পাওয়া যায়।’
নগরীর ২৭ নম্বর রুইয়া এলাকার কৃষক গিয়াস উদ্দিন বলেন, বছরের বেশির ভাগ সময় তাঁদের এলাকার জমি জলাবদ্ধ থাকে। তাই বোরো ছাড়া কোনো ধান ফলাতে পারেন না। তিনি বাড়ির আশপাশে থাকা উঁচু জমিতে কানিয়া তরমুজ (ভেতরে হলুদ), পেয়ারা, বরই, শিম, করলা, বরবটি, লাউসহ বিভিন্ন ফল ও সবজির আবাদ করেন। জলাবদ্ধ জমিতে কচুরিপানার ওপর ফসল ফলানোর চিন্তা করলেও কৃষি কার্যালয় থেকে সুযোগ-সুবিধা না পাওয়ায় বারবার পিছিয়ে পড়ছেন। তিনি বলেন, ‘কৃষি বিভাগ থেকে কিছু বীজ বা চারা পেলে খরচ অনেকটাই কমে যেত, কিন্তু মহানগর এলাকার আওতাভুক্ত হওয়ায় এখানে কৃষি বিভাগের কোনো প্রকল্প না থাকায় এসব কিছুই আর মিলছে না।’
হরিণাফুলিয়া এলাকার কৃষি ও কৃষকদের নিয়ে কাজ করা স্থানীয় বেসরকারি সংস্থা পল্লী উন্নয়ন সমিতির প্রধান নির্বাহী জবেদা বেগম বলেন, বরিশাল শহরকে সিটি করপোরেশনে উন্নীত করার পর এর সীমানা বর্ধিত করা হলেও এসব এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি। যোগাযোগব্যবস্থা, অবকাঠামোর উন্নয়ন ও শিল্পায়ন না হওয়ায় এসব এলাকার বেশির ভাগ মানুষের জীবিকার উৎস এখনো কৃষি। কিন্তু মহানগরীর আওতাভুক্ত হওয়ায় কৃষিজমিতে মোটা অঙ্কের খাজনা বসানো হয়েছে। পাশাপাশি মহানগরীর আওতায় আসায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় শ্রমিকের মজুরি ও অন্যান্য ব্যয় বৃদ্ধি পেয়েছে। এসব কারণে অনেকেই কৃষিকাজ ছেড়ে দিয়েছেন।
এই এলাকার আলী আকবর নামের একজন কৃষক এখন শহরে দিনমজুরের কাজ করছেন। তিনি বলেন, ‘কী করমু, কৃষি কাম কইর্যা সংসার চলে না। তাই সামান্য যে জমি আছে, হেইয়্যা ফালাইয়্যা এহন দিনমজুরি করি। দৈনিক ৩৫০-৪০০ টাকা রোজগার কইর্যা কোনো রহমে দিন কাটাই।’
হরিণাফুলিয়ার আরেক কৃষক হাসন আলী বলেন, ‘আগে নিজের ও বর্গা মিলিয়ে দেড় একর জমি চাষ করতাম। এতে জীবন চলে না বলে এখন দিনমজুরি করি। সামান্য জমিও চাষ করি।’ আক্ষেপ করে তিনি বলেন, ‘নামেই সিটি করপোরেশন। এতে আমাদের কোনো উন্নতি হয়নি, বরং দিনে দিনে আমরা শেষ হয়ে যাচ্ছি।’
রূইয়া এলাকার আরেক কৃষক মজিদ মিয়া বলেন, মহানগর এলাকায় জমির কর, বাড়ির কর থেকে শুরু করে সবকিছুর জন্যই কয়েক গুণ বেশি টাকা গুনতে হচ্ছে।
বরিশাল মহানগর কৃষি কর্মকর্তা ফাহিমা হক বলেন, ‘২০১৫ সালের ১৬ জানুয়ারি বরিশাল নগর কৃষি বিভাগের কার্যক্রম শুরু হয়। কিন্তু কোনো প্রকল্প না থাকায় আমরা কেবল কৃষকদের পরামর্শ দিচ্ছি। মাঝেমধ্যে নিজেদের উদ্যোগে বিভিন্ন প্রকল্পের কিছু সহায়তা এনে সামান্য সহায়তা দেওয়ার চেষ্টা করছি। কৃষিতে এত বেশি লাভ হয় না বলে কৃষকেরা কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলছেন। এ জন্য অনেক কৃষকই কৃষিকাজ ছেড়ে অন্য কাজে চলে গেছেন। তবে কতজন কৃষিকাজ ছেড়ে দিয়েছেন, এ রকম কোনো পরিসংখ্যান কৃষি বিভাগের কাছে নেই।’