পাকিস্তানের করাচিতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা সাজ্জাদ ওরফে কারগিলসহ সংগঠনটির চারজন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়ে সাজ্জাদকে বাংলাদেশি বলে উল্লেখ করেছে। খবর এএফপির।
করাচির একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) করাচি শহরের উত্তরে কাইয়ুমাবাদ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই চারজনকে হত্যা করে। আল-কায়েদার জঙ্গিরা ওই বাড়িতে বসে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন।’ ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, সাজ্জাদ দক্ষিণ এশিয়া আল-কায়েদার করাচির কমান্ডার ছিলেন। গত সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়া আল-কায়েদা শাখা চালু করা হয়।
আল-কায়েদার চার জঙ্গিকে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা উমর খাতাব। তিনি বলেন, সাজ্জাদ ২০০৯ সালে বাংলাদেশ থেকে পাকিস্তানে এসে ওয়াজিরিস্তানে বসবাস করছিলেন। সেখানে একিউআইএসের পাকিস্তানপ্রধান ওয়াসিম উমরের সঙ্গে যোগ দেন তিনি।
তাৎক্ষণিকভাবে চার জঙ্গি হত্যার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। নিরপেক্ষ কোনো সূত্র থেকেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।