চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের চারটি অঞ্চলকে সম্প্রসারণ করে আট অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত এবং এসব অঞ্চলে পদোন্নতির ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে করাঞ্চলগুলোতে জ্যেষ্ঠতা লঙ্ঘনের মাধ্যমে পদোন্নতি কেন কর্তৃত্ববহির্ভূত হবে না—কারণ দর্শাতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান রাজস্ব কর্মকর্তা ও স্থানীয় সরকার সচিবের প্রতি রুল জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি সৌমেন্দ্র সরকারের বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী হরিসাধন দেব ব্রহ্মণ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের উপ-কর কর্মকর্তা দবির আলম চৌধুরী ও কর আদায়কারী রতন কুমার ভট্টাচার্যের দায়ের করা রিট মামলায় আদালত এ রায় দেন। রিট আবেদনে উল্লেখ করা হয়, অধ্যাদেশ অনুযায়ী সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালিত হয়। এখানে কাজ করার জন্য জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির তালিকা তৈরি করা হয়। কিন্তু গত ৩১ মার্চ জ্যেষ্ঠতা লঙ্ঘন করে রাজস্ব বিভাগে উপ-কর কর্মকর্তা ও কর কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া গত ২৫ এপ্রিল চারটি রাজস্ব অঞ্চলকে আটটি অঞ্চলে পুনর্বিন্যাস করা হয়, যাতে সরকারের অনুমোদন নেই।