করাতকল নিয়ে বন বিভাগ ও জেলা প্রশাসনের দ্বন্দ্ব
বান্দরবানে করাতকলের (স-মিল) অনুমতিপত্র (লাইসেন্স) প্রদান নিয়ে বন বিভাগ ও জেলা প্রশাসনের মধ্যে মতবিরোধ চলছে। জেলা প্রশাসকের (ডিসি) কাছ থেকে নেওয়া অনুমতিপত্র বৈধ নয় দাবি করে বন বিভাগের কর্মকর্তারা ওই করাতকলের মালিকদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।বন বিভাগের এ সিদ্ধান্তে করাতকলের মালিক এবং কলের জন্য আবেদনকারী ব্যক্তিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বন কর্মকর্তারা বলছেন, কাউকে হয়রানির উদ্দেশ্যে নয়, করাতকলের অনুমতিপত্র প্রদানকারী বৈধ কর্তৃপক্ষকে, তা আদালতের মাধ্যমে নির্ধারণের জন্য তাঁরা মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে জেলা প্রশাসক বলেছেন, পার্বত্য শাসনবিধির ক্ষমতাবলে তিনি বৈধভাবে করাতকলের অনুমতিপত্র দিয়েছেন এবং এখনো দিচ্ছেন।বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) তোশিবুল বারি খান বলেন, ১৯২৭ সালের বন আইন এবং ১৯৯৮ ও ২০০২ সালের বিধি অনুযায়ী, করাতকল ও আসবাব উৎপাদনের অনুমতিপত্র শুধু বন বিভাগ থেকে দেওয়ার বিধান রাখা হয়েছে। এ প্রক্রিয়ার সঙ্গে উপজেলা ভূমি কর্মকর্তা ছাড়া জেলা প্রশাসনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আবেদিত করাতকলের জমি বিবাদমুক্ত কি না, সে ব্যাপারে ভূমি কর্মকর্তা প্রতিবেদন দিয়ে থাকেন।লামা বিভাগীয় বন কর্মকর্তা হারুন অর রশিদ খান জেলা প্রশাসকের দেওয়া করাতকলের সব অনুমতিপত্র বাতিলের জন্য ২ জুন জেলা প্রশাসককে চিঠি লিখেছেন। তিনি চিঠিতে লিখেছেন, বন বিভাগ করাতকলের অনুমতিপত্র প্রদানকারী বৈধ কর্তৃপক্ষ হলেও জেলা প্রশাসক বিধিমালা পরিপন্থীভাবে অনুমতিপত্র দিয়েছেন। ডিএফও হারুন অর রশিদ জেলা প্রশাসককে চিঠি দেওয়ার কথা স্বীকার করে বলেন, আগে অনেকবার এখতিয়ার বহির্ভূতভাবে অনুমতিপত্র না দেওয়ার জন্য বলা হয়েছে। অবৈধ করাতকল উচ্ছেদ করার ব্যাপারে ম্যাজিস্ট্রেট পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। কিন্তু জেলা প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি।বন কর্মকর্তা তোশিবুল বারি খান ও হারুন অর রশিদ খান বলেন, ১৯২৭ সালের বন আইন সারা দেশের মতো পার্বত্য অঞ্চলেও বলবৎ রয়েছে। যেখানে নির্দিষ্ট বিভাগের জন্য বলবৎ আইন রয়েছে, সেখানে পার্বত্য শাসনবিধির দোহাই দিয়ে জেলা প্রশাসকের করাতকলের অনুমতিপত্র দেওয়া যুক্তিসংগত নয়। এ জন্য ১৫ জুন বন সংরক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় বন কর্মকর্তাদের সমন্বয় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সভায় জেলা প্রশাসক যেসব করাতকলের অনুমতিপত্র দিয়েছেন, সেসব কলের মালিকদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বান্দরবান করাতকল মালিক সমিতির সভাপতি আবু মুসাসহ অনেক কলমালিক বলেন, আগেও বিষয়টি নিয়ে দুই কর্তৃপক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ায় করাতকলের মালিক ও আবেদনকারীরা ভোগান্তির শিকার হয়েছিলেন। পরে পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে বন বিভাগকে করাতকলের অনুমতিপত্র দেওয়ার বৈধ কর্তৃপক্ষ হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়েছিল। এখন আবারও দ্বন্দ্ব দেখা দিলে এবং বন বিভাগ মামলা করলে মারাত্মক সংকট সৃষ্টি হবে।লামা বন বিভাগের তৈন রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেম বলেন, আইন ও বিধি অনুযায়ী করাতকলের অনুমতিপত্রের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় বন কর্মকর্তার কাছে আবেদন করতে হবে। আবেদিত করাতকলের জমি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তিনি উপজেলা ভূমি কর্মকর্তা প্রতিবেদনের দ্বারস্থ হবেন। সেখান থেকে প্রতিবেদন পাওয়ার পর অনুমতিপত্র দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জেলা প্রশাসনের কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি জানান।জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, ১৯০০ সালের পার্বত্য শাসনবিধি অনুযায়ী পার্বত্য অঞ্চলের জেলা প্রশাসকেরা করাতকলের অনুমতি দিতে পারেন। এ ছাড়া জেলা প্রশাসক ক্ষমতাবলে জেলা বন ও পরিবেশ সংরক্ষণ কমিটির সভাপতি হিসেবেও অনুমতিপত্র দেওয়ার ক্ষমতা রাখেন। বিভাগীয় বন কর্মকর্তারা জেলা প্রশাসনের দেওয়া অনুমতিপত্র বাতিলের জন্য চিঠি দিতে পারেন না বলেও জানান তিনি।