করাতকল শ্রমিক অপহরণ মুক্তির দাবিতে বিক্ষোভ
বনরূপা সমতা করাতকল থেকে অপহূত ব্যবস্থাপক ও দুজন শ্রমিকের মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার করাতকল শ্রমিক, কাঠ পরিবহন শ্রমিক, বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপহূত ব্যক্তিদের মুক্তি দেওয়া না হলে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে এসব সংগঠন।গত সোমবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী রাঙামাটি শহরের বনরূপা এলাকার সমতা করাতকলে এসে ওই তিনজনকে অপহরণ করে। ৭২ ঘণ্টা পরও অপহূত ব্যক্তিরা মুক্তি না পাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর সঞ্চারকলিপি দিয়ে অপহূত ব্যক্তিদের মুক্তির জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। গতকাল সকাল সাড়ে ১০টায় রাঙামাটি পৌরসভা চত্বর থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ সমাবেশ করেন। করাতকল শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পার্বত্য নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি বেগম নূরজাহান, পার্বত্য সম-অধিকার আন্দোলনের নেতা মো. ইউনুস, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মো. ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, করাতকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবদুল হাই প্রমুখ। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম চৌধুরী অপহূত ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন।