করাতকলে অভিযানে সাংবাদিকদের বাধা!
সাংবাদিকদের বাধার মুখে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অনুমোদনহীন ছয়টি করাতকলে গতকাল রোববার অভিযান চালাতে পারেননি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তারা। তাঁদের বাধার কারণে মাত্র দুটি করাতকলে অভিযান চালিয়ে ফিরে আসতে বাধ্য হয় অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের। এ সময় চার লাখ টাকার কাঠ উদ্ধার করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের লিচুবাগান বাসস্ট্যান্ডের চারপাশে গড়ে ওঠা ছয়টি অনুমোদনহীন করাতকলে দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনাঞ্চলের গাছ চিরাই করে কাঠ তৈরি করা হচ্ছে। এ নিয়ে ৯ জুলাই প্রথম আলোতে ‘রাঙ্গুনিয়ায় অনুমোদনহীন ছয়টি করাতকল, ১০ কোটি টাকার কাঠ পাচারের অপেক্ষায়’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদন ছাপানোর পর চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় কর্মকর্তার নির্দেশে গতকাল সকালে করাতগুলোয় অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় একাধিক সূত্র জানায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাকসুদ আলম, রাঙ্গুনিয়া রেঞ্জের কর্মকর্তা, কর্মচারী, পুলিশ ও র্যাব-৭ এর সদস্যরা অভিযান চালান। প্রথমে তাঁরা ফজলুল কাদেরের করাতকলে অভিযান চালিয়ে বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেন। খবর পেয়ে তিনটি জাতীয় দৈনিকের রাঙ্গুনিয়ার একজন ও কাপ্তাইয়ের দুজন সাংবাদিক ছুটে এসে করাতকল জব্দ করার কাজে বাধা দেন। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, ফজলুল কাদেরের করাত কলে প্রায় দুই কোটি ৫০ লাখ টাকার কাঠ ছিল। কিন্তু সাংবাদিকদের বাধার কারণে বন কর্মকর্তারা ওই কাঠ জব্দ করতে পারেননি। পরে বন কর্মকর্তারা সামশুল আলম ও আবদুল খালেকের করাতকলে অভিযান চালান। এখানেও সাংবাদিকদের বাধার কারণে তাঁরা মাত্র দুই লাখ টাকার কাঠ জব্দ করে ফিরে যান। অথচ এখানেও দেড় কোটি টাকার কাঠ ছিল। সাংবাদিকদের বাধার কারণে তাঁরা বাকি চারটি করাতকলে অভিযান চালাতে পারেননি। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষক মাকসুদ আলম বলেন, তিন সংবাদিকের বাধার কারণে সবকটি করাতকল থেকে গাছ সরিয়ে নেওয়ার যথেষ্ট সময় পেয়েছে গাছ চোরেরা। ইঞ্জিন ও চাকা খুলেও নিয়েছে অন্য মালিকেরা। দুটি করাতকলে অভিযান শেষ করতে বিকেল চারটা বেজে যায়। এ কারণে অভিযান না চালিয়ে ফিরে আসি। যেকোনো সময় অভিযান আবার চালানো হবে।