করাতকলের গাছের গুঁড়িতে হরতালে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা পৌর এলাকাসহ জেলার বিভিন্ন ব্যস্ততম সড়ক ঘেঁষে অবৈধভাবে ২৭৫টি করাতকল (সমিল) গড়ে উঠেছে। কোনো কোনো স্থানে সড়কের প্র্রায় অর্ধেক অংশজুড়ে গাছের গুঁড়ি রাখা হয়েছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচল বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি হরতালের সময় পিকেটাররা সহজেই এই গাছের গুঁড়ি দিয়ে সড়ক অবরোধ করতে পারছে।
সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধার সাতটি উপজেলার বিভিন্ন সড়ক ঘেঁষে দুই শতাধিক করাতকল রয়েছে। এর মধ্যে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের বাঁধেরমাথা, চাপাদহ, কুপতলা, লক্ষ্মীপুর, গাইবান্ধা-সাঘাটা সড়কের ত্রিমোহিনী, বাদিয়াখালী, বোনারপাড়া, গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের সারবাজার, গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলশীঘাট এলাকায় করাতকলের সংখ্যা বেশি।
১৯৯৮ সালে করাতকল বিধিমালায় সংরক্ষিত বন এলাকার ১০ এবং উপজেলা সদরের এক কিলোমিটারের ভেতরে কোনো করাতকল স্থাপন করা যাবে না বলে উল্লেখ রয়েছে। কিন্তু এসব বিধিমালা না মেনেই এসব করাতকল গড়ে তোলা হয়েছে। সাদুল্যাপুর রোডের বাসিন্দা স্কুলশিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, কাঠ চেরাই করার সময় বের হওয়া কাঠের গুঁড়া পথচারীদের মারাত্মক ক্ষতি করছে। সড়কের পাশ দিয়ে স্কুলে আসা-যাওয়ার সময় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে।
জেলা শহরের ব্রিজ রোড এলাকার কলেজশিক্ষক অশোক সাহা বলেন, সড়ক ঘেঁষে গাছের গুঁড়ি রাখায় সড়কগুলো সংকুচিত হয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ব্যবসায়ী মান্নান সরকার বলেন, লক্ষ্মীপুর বাজারের পাশেই গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক ঘেঁষে বিশাল করাতকল রয়েছে। প্রতি হরতালে এই করাতকলের গাছের গুঁড়ি সড়কে ফেলে অবরোধ সৃষ্টি করছে জামায়াত-শিবিরের কর্মীরা।
এর সত্যতা স্বীকার করে তুলসীঘাট গ্রামের করাতকল মালিক মো. হবি মিয়া বলেন, হরতালকারীরা সড়কের পাশেই করাতকল পাচ্ছে। তাই তারা সহজেই সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলছে। বাধা দিলে তারা ব্যবসায়ীদের নানা ধরনের হুমকি দেয়। এমনকি হরতাল শেষে সড়কে রাখা গুঁড়ি টাকা খরচ করে ব্যবসায়ীদেরই সরাতে হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ বলেন, বন বিভাগের পক্ষ থেকে অবৈধ করাতকলের তালিকা না দেওয়ায় অভিযান চালানো যাচ্ছে না। গাইবান্ধা বন বিভাগের সহকারী বন সংরক্ষক প্রমোতোষ রায় বলেন, জেলায় ২৭৫টি করাতকল রয়েছে। এগুলোর কোনোটিরই অনুমোদন নেই। এসব অবৈধ করাতকলের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকার কাজ শেষ হলে প্রশাসনের সহযোগিতায় এগুলো উচ্ছেদ করা হবে।