করাতকলের শ্রমিককে নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে মুন্নু ফকির নামের এক করাতকলের শ্রমিক পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ দাবি করেছে, স্থানীয় বিএনপির নেতাদের নামে পুলিশের করা মামলার পাল্টা হিসেবে বিএনপির কর্মী মুন্নুএ নাটক সাজিয়েছেন। গত ২৮ মে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামের মুন্নু ফকিরকে পুলিশ গ্রেপ্তার করে। ওই দিনই মধুখালী থানায় তাঁর (মুন্নু) বিরুদ্ধে প্রতিবেশী এক নারী মারামারির একটি মামলা করেন। রাতে থানায় রেখে মুন্নুকে পরদিন জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। সেই দিনই তিনি জামিন পান। এরপর মুন্নু প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকার শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। মুন্নু ফকির গত শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গত ২৮ মে সকাল ১০টার দিকে মধুখালী থানার এসআই পলাশ দাস আমাকে গ্রেপ্তার করেন। তিনি এলাকাবাসীর উপস্থিতিতে আমাকে মারধর করে থানায় নিয়ে যান। থানায় আনার পর চোখ বেঁধে লাঠি দিয়ে আমাকে বেদম পেটানো হয়। এ সময় আমি পানি পান করতে চাইলেও দেওয়া হয়নি। পরে থানার ওসি সৈয়দ মোহসিনুল হক আমাকে তাঁর কক্ষে নিয়ে চোখ বেঁধে পিঠ ও দুই পায়ে ইচ্ছামতো পেটাতে থাকেন। একসময় ওসি আমার দুই পায়ের ওপর পা দিয়ে মাড়াতে থাকেন।’ মুন্নু ফকির আরও বলেন, ‘২৯ মে আদালত জামিন দিলে আমি সরাসরি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি এবং প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি। বাড়িতে যাওয়ার পর আমার মলদ্বার দিয়ে রক্ত বের হতে শুরু হলে আমি হাসপাতালে ভর্তি হই। এর পরদিন আমাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়।’ মারামারির মামলায় মুন্নুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) পলাশ দাস বলেন, ‘আমি মুন্নু ফকিরের ওপর কোনো অত্যাচার-নির্যাতন করিনি। ওই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। মুন্নুকে সুস্থ অবস্থায় পরদিন (২৯ মে) আদালতে সোপর্দ করা হয়।’ মুন্নুকে মারধরের অভিযোগ অস্বীকার করে মধুখালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক দাবি করেন, পুলিশের ওপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপির নেতাদের নামে পুলিশের করা মামলার পাল্টা হিসেবে বিএনপির কর্মী মুন্নু ফকির এ নাটক সাজিয়েছেন। ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান বলেন, মুন্নুকে পুলিশের জিমঞ্চা থেকে হাসপাতালে নেওয়া হয়নি। তিনি আদালত থেকে জামিন পেয়ে নিজ উদ্যোগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাই পুলিশি নির্যাতনে মুন্নু অসুস্থ হয়েছেন, তা বলার সুযোগ নেই।