করাতকলের শ্রমিককে নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে মুন্নু ফকির নামের এক করাতকলের শ্রমিক পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ দাবি করেছে, স্থানীয় বিএনপির নেতাদের নামে পুলিশের করা মামলার পাল্টা হিসেবে বিএনপির কর্মী মুন্নুএ নাটক সাজিয়েছেন। গত ২৮ মে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামের মুন্নু ফকিরকে পুলিশ গ্রেপ্তার করে। ওই দিনই মধুখালী থানায় তাঁর (মুন্নু) বিরুদ্ধে প্রতিবেশী এক নারী মারামারির একটি মামলা করেন। রাতে থানায় রেখে মুন্নুকে পরদিন জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। সেই দিনই তিনি জামিন পান। এরপর মুন্নু প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকার শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। মুন্নু ফকির গত শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গত ২৮ মে সকাল ১০টার দিকে মধুখালী থানার এসআই পলাশ দাস আমাকে গ্রেপ্তার করেন। তিনি এলাকাবাসীর উপস্থিতিতে আমাকে মারধর করে থানায় নিয়ে যান। থানায় আনার পর চোখ বেঁধে লাঠি দিয়ে আমাকে বেদম পেটানো হয়। এ সময় আমি পানি পান করতে চাইলেও দেওয়া হয়নি। পরে থানার ওসি সৈয়দ মোহসিনুল হক আমাকে তাঁর কক্ষে নিয়ে চোখ বেঁধে পিঠ ও দুই পায়ে ইচ্ছামতো পেটাতে থাকেন। একসময় ওসি আমার দুই পায়ের ওপর পা দিয়ে মাড়াতে থাকেন।’