করিডর নিয়ে দুই দেশের ব্যবসায়ীদের আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভা থেকে বিরামপুর, ঘোড়াঘাট, গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা হয়ে পণ্য নিয়ে ভারতের মেঘালয়ে যাওয়ার রাস্তা বা করিডর নিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও সিঅ্যান্ডএফ এজেন্টদের মধ্যে আলোচনা হয়েছে।
ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলির আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের আমন্ত্রণে গত সোমবার ওই আলোচনা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে হিলির সাত সদস্যের প্রতিনিধিদলটি ভারতে যায়। পরে ভারতের ‘জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডর বালুরঘাট হিলি টু মহেন্দ্রগঞ্জ তুরা থ্রু বাংলাদেশ’-এর আয়োজনে ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্ট কার্যালয়ে তাঁরা এক বৈঠকে মিলিত হন।
বৈঠক শেষে হিলি সীমান্তের শূন্য রেখায় হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, বৈঠকে হিলি হয়ে ভারতের মেঘালয় পর্যন্ত পণ্য নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট সুবিধার প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছে। উভয় এলাকার ব্যবসায়ীরা এ বিষয়ে একমত হয়েছেন। এটি হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য আরও বৃদ্ধি পাবে বলে জানান তিনি।
‘ভারতের জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডর বালুরঘাট হিলি টু মহেন্দ্রগঞ্জ তুরা থ্রু বাংলাদেশ’-এর কনভেনর নব কুমার দাস হিলি সীমান্তের শূন্য রেখায় সাংবাদিকদের বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থা ত্বরান্বিত করতে কতগুলো প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে একটি হলো বাংলাদেশকে করিডর করে হিলি-মেঘালয় সংযুক্ত করা হবে। এর ফলে বাংলাদেশের রংপুর বিভাগের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়া মেঘালয়ের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, তার সদ্ব্যবহার করা যাবে।
বৈঠকে সাত সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদলে ছিলেন বাংলা হিলি কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা, বন্দরবিষয়ক সম্পাদক জামিল হোসেন, হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজার রহমান, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, জয়পুরহাট চেম্বার অব কমার্স এবং বাংলা হিলি ট্রাক মালিক গ্রুপের সভাপতি আবদুল হাকিম মণ্ডল।
বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলে ছিলেন ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ দা, সম্পাদক অশোক কুমার মণ্ডল, প্রদেশ কংগ্রেসের সাবেক সদস্য স্বপন কুমার বিশ্বাস, দক্ষিণ দিনাজপুরের সাবেক এমএলএ রমেন বসু প্রমুখ।