করিডর বাস্তবায়নে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠায় বিনিয়োগ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএম) অর্থনৈতিক করিডর বাস্তবায়নের লক্ষ্যে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠায় বিনিয়োগ জরুরি। সেই সঙ্গে অর্থনৈতিক করিডর কার্যকর করতে হলে বিভিন্ন খাতের প্রকল্পগুলো চিহ্নিত করতে হবে।
গতকাল সোমবার ঢাকায় সফররত চীনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এ অভিমত ব্যক্ত করে। চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের উপপরিচালক লিন দাজিয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সকালে সিপিডির সঙ্গে মতবিনিময় করে। সিপিডির কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে গবেষণা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান সংস্থার পক্ষে নেতৃত্ব দেন।
প্রসঙ্গত, বিসিআইএম অর্থনৈতিক করিডর নিয়ে চীনা প্রতিনিধিদলটি গত রোববার বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো সরকারি পর্যায়ের বৈঠকে অংশ নেয়। এর আগে চীনের প্রতিনিধিদলটি ভারতের সঙ্গে বৈঠক করেছে। বাংলাদেশ সফর শেষে প্রতিনিধিদলটির মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে।
জানতে চাইলে মোস্তাফিজুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠা করতে হলে যে বিনিয়োগ প্রয়োজন, সেটি চীনের প্রতিনিধিদলকে জানানো হয়েছে। বিশেষ করে বিসিআইএম কার শোভাযাত্রার অভিজ্ঞতায় দেখা গেছে, বেশ কিছু জায়গায় সড়ক যোগাযোগ প্রতিষ্ঠায় বিনিয়োগের প্রয়োজন হবে। এ ক্ষেত্রে একটি বিশেষ তহবিল গঠনের বিষয়টি নিয়ে চীন ভাবতে পারে।
তিনি জানান, প্রস্তাবিত অর্থনৈতিক করিডর কার্যকর করতে হলে খাতওয়ারি প্রকল্প চিহ্নিত করে এগোনোর প্রস্তাব দেওয়া হয়েছে।
মোস্তাফিজুর রহমান বলেন, প্রস্তাবিত জোটে অংশগ্রহণকারী সব দেশই ট্রান্স-এশিয়ান হাইওয়ে ও ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়েছে। এ প্রেক্ষাপটে দীর্ঘ মেয়াদে এ করিডরের মাধ্যমে চার দেশ কীভাবে সর্বোচ্চ সুফল পাবে, তা বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।