করিতকর্মা পুলিশ

সিলেটের নগরের কাজিটুলা এলাকায় ইউনিলিভার বাংলাদেশের একটি গাড়ি থেকে ৭০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর ছয় ঘণ্টার মাথায় অভিযান চালিয়ে পুলিশ ওই টাকা উদ্ধার করেছে। আজ রোববার বেলা পৌনে একটার দিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। শহরে ছয় ঘণ্টা টানা অভিযান চালিয়ে সন্ধ্যা পৌনে সাতটার দিকে দুই ছিনতাইকারীসহ পুলিশ টাকা উদ্ধার করে।
পুলিশ ও ইউনিলিভারের সিলেট ডিপো সূত্র জানায়, সিলেটের আম্বরখানার বড় বাজারে ইউনিলিভার বাংলাদেশের সিলেট ডিপো অফিস থেকে দুজন হিসাবরক্ষক অফিসের গাড়িতে নগদ ৭০ লাখ টাকা এক্সিম ব্যাংকের জিন্দাবাজার শাখায় জমা দিতে যাচ্ছিলেন। গাড়িটি উত্তর কাজিটুলার কাহের মিয়ার গলি নামক স্থানে আসার পর চারটি মোটরসাইকেল এবং একটি সিএনজিচালিত অটোরিকশায় একদল ছিনতাইকারী গাড়ির গতিরোধ করে। গাড়িটি ভাঙচুর করে চারটি ব্যাগে রাখা ৭০ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। নগরের উত্তর বালুচর এলাকার একটি বাসায় দুই ছিনতাইকারীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। পরে ওই বাসা থেকে বস্তায় ভরে রাখা ছিনতাইয়ের ৭০ লাখ টাকাসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়।
উদ্ধার হওয়া টাকা সিলেট কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। গণনা শেষে ওই টাকা ইউনিলিভার বাংলাদেশের সিলেট ডিপো কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
টাকা উদ্ধার ও অভিযানের ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল ছিনতাইকারী শনাক্ত করতে মাঠে নামে। সম্ভাব্য দুই ছিনতাইকারীর ছবি সংগ্রহ করে ৭০ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত থাকার বিষয়টি ঘটনার প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে নিশ্চিত করা হয়। এদের খোঁজে সন্ধ্যায় বালুচর এলাকায় অভিযান চালিয়ে আল ইসলাহ আবাসিক এলাকার একটি বাসায় বস্তায় মোড়ানো অবস্থায় টাকা পাওয়া যায়। পরে দুজনকে আটক করা হয়। এদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ছিনতাইয়ের ঘটনায় জড়িত পুরো চক্রকে আটকে অভিযান চলছে জানিয়ে নুরুল হুদা আশরাফী বলেন, ছিনতাইয়ের টাকার সঙ্গে আটক দুজন আইনুল হক (২৪) ও কাওসার আহমদ (২৬) ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
ডিপো অফিসের ব্যবস্থাপক ইমতিয়াজ তারেক প্রথম আলোকে জানান, গাড়ি থামিয়ে অতর্কিত ভাঙচুরের মধ্যে কোনো কিছু বোঝার আগেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। টাকার ব্যাগগুলো সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় ছিনতাইকারীরা।