চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে এ এস এম ফজলুল করিম চৌধুরী-আঞ্জুমান আরা বেগমের নেতৃত্বাধীন প্যানেল জয়ী হয়েছে। কোষাধ্যক্ষসহ ২২ পদের বাকি পাঁচটিতে প্রতিদ্বন্দ্বী আমিনুজ্জমান ভূঁইয়া-শফিউল আলম প্যানেল থেকে জয়ী হয়। এই নির্বাচিত কমিটি আগামী তিন বছর হাসপাতালের কার্যনির্বাহী কমিটির দায়িত্ব পালন করবে। নির্বাচন নিয়ে কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল।গত শুক্রবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত হাসপাতাল ভবনে তিন হাজার ৬৫১ জন ভোটার ভোট দিয়েছেন। গতকাল রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনার মো. শামছুল আলম চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।সভাপতি পদে দুই হাজার ৩৩ ভোট পেয়ে স্বপদে বহাল থাকলেন প্রবীণ চিকিৎসক ফজলুল করিম। এ প্যানেলের সাধারণ সম্পাদক পদে ৭৯৭ ভোটের ব্যবধানে জয়ী হন আঞ্জুমান আরা ইসলাম। এ ছাড়া সহসভাপতির তিনটি পদে এম এ তাহের, এম মাহফুজুর রহমান ও এস এম মোরশেদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নূর মোহাম্মদ এবং সদস্য পদে মো. আরিফুল আমিন, আলী আশরাফ, শামসুন্নাহার, মো শাহাদাৎ হোসেন, মো. আনোয়ারুল ইসলাম, শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, এস এম কুতুব উদ্দিন, মো. ফয়সাল ইকবাল চৌধুরী ও মো. পারভেজ ইকবাল শরীফ নির্বাচিত হন। দাতা ক্যাটাগরিতে সদস্য পদে নির্বাচিত হন মো. রেজাউল করিম ও মো জাবেদ আফছার চৌধুরী। প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে কোষাধ্যক্ষ নির্বাচিত হন আবদুল মান্নান। চারজন সদস্য হলেন: সৈয়দা নুরজাহান ভূঁইয়া, খুরশীদ জামিল চৌধুরী, কামরুন নাহার দস্তগীর ও রেখা আলম চৌধুরী।