করিম শাহের পাশে জেলা প্রশাসন
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত বাউল করিম শাহের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। গত মঙ্গলবার রাতে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন হাসপাতালে তাঁকে দেখতে যান এবং তাঁকে ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
গতকাল বুধবার সকালে জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে করিম শাহের স্ত্রী রিজিয়া খাতুনের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন৷ জেলা সমাজকল্যাণ পিরষদের এককালীন অনুদান হিসেবে এই টাকা দেওয়া হয়৷
এ ছাড়া করিম শাহের চিকিৎসাসেবায় বিশেষ নজর রাখার জন্য হাসপাতালের চিকিৎসকদের নির্দেশ দেন জেলা প্রশাসক। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জানান, গত মঙ্গলবার সকালে প্রথম আলোয় করিম শাহের অসুস্থতার সংবাদ দেখে সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলী সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমানকে খোঁজ নিতে বলেন। সকালেই ফোন পেয়ে করিম শাহের খাবারসহ চিকিত্সাসেবার সব ব্যয় বহন করা হচ্ছে। ১৬ দিন ধরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করিম শাহ চিকিত্সাধীন। তিনি শ্বাসকষ্টে ভুগছেন।