করিমগঞ্জ ও পাকুন্দিয়ায় ৬৩ প্রার্থীকে জরিমানা
কিশোরগঞ্জের করিমগঞ্জ ও পাকুন্দিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী প্রচারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৮ জন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীসহ ৬৩ প্রার্থীকে দুই লক্ষাধিক টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া চেয়ারম্যান পদপ্রার্থীর পাঁচজন সমর্থককে পাঁচ দিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।গতকাল সোমবার দুটি উপজেলার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ রায় দেন।করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ হাক্কানী বলেন, ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় গতকাল উপজেলার কিরাটন, নিয়ামতপুর, সুতারপাড়া, দেহুন্দা, কাদির জঙ্গল ও জাফরাবাদ ইউনিয়নে অভিযান চালানো হয়। এসব ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৫ জন চেয়ারম্যান, ১৬ জন সাধারণ সদস্য ও আটজন সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থীকে বিভিন্ন অঙ্কে মোট এক লাখ ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে চেয়ারম্যান পদপ্রার্থীর পাঁচজন সমর্থককে পাঁচ দিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।পাকুন্দিয়ার ইউএনও লুৎফুন্নাহার বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের তিন চেয়ারম্যান পদপ্রার্থীকে পাঁচ হাজার টাকা ও ২১ জন সদস্য পদপ্রার্থীকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।