করিমগঞ্জ কলেজে হামলা ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ
কিশোরগঞ্জের করিমগঞ্জ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয় ও শ্রেণীকক্ষে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছেন। সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন। একই অভিযোগে থানায় মামলা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে উপজেলার নিয়ামতপুর বাজার থেকে কয়েকজন ছাত্র কলেজে যাওয়ার জন্য মদিনা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে ওঠার চেষ্টা করেন। এ সময় বাসের পরিচালক ছাত্রদের উঠতে বাধা দেয়। এ ঘটনার পর ছাত্ররা ওই দিনেই কলেজের সামনে বাসটি আটকায়। এ সময় বাসের চালকের সঙ্গে ছাত্রদের তর্কাতর্কির একপর্যায়ে পার্শ্ববর্তী গোনাপাড়া গ্রামের একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ছাত্রদের ধাওয়া করে। ছাত্ররা দৌড়ে কলেজে ঢুকলে দুর্বৃত্তরা শ্রেণীকক্ষ ও অধ্যক্ষের কার্যালয়ে হামলা চালায়। তারা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মারধর করে। এতে মাসুদ রানা, মো. আলম, রানা হাসান, রিপন, আজিজুলসহ অন্তত ১০ জন ছাত্র আহত হন। দুর্বৃত্তরা অধ্যক্ষের কক্ষের আসবাব ভাঙচুর করে। হামলার পর ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা একটি বাসে হামলা চালালে বেশ কয়েকজন যাত্রী আহত হয়।ছাত্রদের অভিযোগ, বাসের পরিচালক ছাত্রদের বাসে উঠতে না দিলেও মাত্র ১০০ গজ দূরে গিয়ে বাস থামিয়ে অন্য যাত্রী ওঠায়। এ ঘটনার প্রতিবাদ করায় চালক ও সন্ত্রাসীরা কলেজে হামলা চালায়।কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাখাওয়াত হোসেন জানান, তাঁর কার্যালয় ও শ্রেণীকক্ষে হামলা করায় চারজনের নাম উল্লেখ করে ১০ জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, তদন্ত চলছে। পরে থানায় মামলা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ হাক্কানী স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।