করিমগঞ্জে গৃহবধূ ও নরসিংদীতে ছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মুর্শেদা বেগম (২৬) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বারঘড়িয়া ইউনিয়নের মাদারীখোলায় গ্রামের বাড়ির গোসলখানা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।এ ছাড়া নরসিংদীর শিবপুর উপজেলায় মামাতো ভাইয়ের হাতে মো. আবদুল্লাহ নামের এক ছাত্র খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।করিমগঞ্জ: নিহত গৃহবধূর মা হালিমা খাতুন বলেন, সাত-আট বছর আগে উপজেলার মাদারীখোলা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লালের সঙ্গে তাঁর মেয়ে মুর্শেদার বিয়ে হয়। তিনি (মা) শ্রমিকের কাজ করে বিভিন্ন সময়ে রোজগার করা প্রায় দেড় লাখ টাকা মেয়জামাইয়ের কাছে জমা রাখেন। সম্প্রতি জমি কেনার জন্য জামাইয়ের কাছে তিনি ওই টাকা চান। বিল্লাল টাকা দিতে গড়িমসি শুরু করেন। এ নিয়ে বিল্লাল স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। গতকাল সকালে বিল্লালের বাড়ির পেছনের একটি গর্তে মুর্শেদার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। হালিমা খাতুনের বলেন, ‘ওই টাকা নিয়ে বিরোধের জের ধরেই বিল্লাল আমার মেয়েকে হত্যা করেছে।’করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক মিয়া বলেন, হালিমা খাতুন বাদী হয়ে বিল্লালের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিবপুর: নিহত ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর পর আবদুল্লাহ বেলাব উপজেলার চর বেলাব গ্রামে মামা মৃত আবুল হোসেনের বাড়িতে থেকে লেখাপড়া করতেন। এ সময় মামাতো বোনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে মামার বাড়ির লোকজন ঘটনাটি জানতে পারে। তখন আবদুল্লাহর মা তাঁকে নিজেদের বাড়ি শিবপুর উপজেলার সুজাতপুর গ্রামে নিয়ে আসেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর মামাতো ভাই সজীব আবদুল্লাহকে তাঁর বোনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়ার জন্য শাসিয়ে দেন। কিন্তু এতে কোনো কাজ না হলে তাঁদের দুই পরিবারের মধ্যে চরম বৈরী সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে গত সোমবার রাতে সজীব মিয়া ও তাঁর বন্ধু ইমরান মিয়া সুজাতপুরে গিয়ে আবদুল্লাহকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁরা গ্রামের একটি রাস্তায় আবদুল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ফেলে রেখে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেলে গতকাল দুপুরে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে সজীব ও ইমরান পলাতক রয়েছেন। আবদুল্লাহ চলতি বছর এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। গতকাল বিকেলে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।