করিমগঞ্জে গোজাদিয়া বাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার একটি বাজারে অগ্নিকাণ্ডে চালকলসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার গোজাদিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বাজারের ব্যবসায়ী মোস্তফার চালকল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কীটনাশক ও কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। এতে চালকলের গুদামে থাকা চাল-ধানসহ যন্ত্রাংশ আগুনে পুড়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক প্রাণনাথ সাহা জানান, ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকারও বেশি।