করিমগঞ্জে চাচার ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় চাচার ছুরিকাঘাতে এবাদুল ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্র খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া জহিরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
এবাদুল স্থানীয় ভাটিয়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভাটিয়া জহিরকোনা গ্রামের তাহাজুল ইসলাম ও নুরুল আমিন সম্পর্কে চাচাতো ভাই। বাড়ির জমি নিয়ে বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে রোববার সকালে গ্রামে সালিস বসে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে উঠলে সালিস অমীমাংসিত থেকে যায়। এর কিছুক্ষণ পর উভয় পক্ষ বাগিবতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় বাজার থেকে বাড়ি ফেরার পথে তাহাজুল ইসলামের ছেলে এবাদুল তার চাচা নুরুল ইসলামের সামনে পড়ে যায়। নুরুল ইসলাম এবাদুলকে ছুরিকাঘাত করেন। গুরুতর অবস্থায় করিমগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে এবাদুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ওসি মো. আক্তারুজ্জামান বলেন, এ ঘটনায় তাহাজুল বাদী হয়ে নুরুলকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।