করিমগঞ্জে চার দিনব্যাপী সড়ক অবরোধের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জে গত শনিবার বাসচাপায় স্কুলশিক্ষক নিহত হওয়ার প্রতিবাদে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল থেকে চার দিনের সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে। অবরোধের কারণে কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট সড়কে বাসচলাচল বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট সড়কের নেয়ামতপুর নামক স্থানে গতকাল সকালে করিমগঞ্জের সব উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা চার কিলোমিটার দীর্ঘ এক বিশাল মানববন্ধন করে। এ ছাড়া করিমগঞ্জের সব শিক্ষা প্রতিষ্ঠানেও তারা মানববন্ধন করে। এ ব্যাপারে করিমগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান বলেন, নিরাপদ সড়ক এবং ঘাতক বাসচালককে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে।করিমগঞ্জের পিটুয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক শামসুল ইসলাম (৩৬) শনিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসচাপায় মারা যান। তাঁর গ্রামের বাড়ি কটিয়াদী উপজেলার চাঁনপুর গ্রামে।