করিমগঞ্জে চিকিৎসক কর্মচারীদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন চিকিৎসককে মারধরের প্রতিবাদে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবিকা ও কর্মকর্তা-কর্মচারীরা গতকাল শনিবার কর্মবিরতি পালন করেছেন। এতে দূর-দূরান্ত থেকে আসা শত শত রোগী অবর্ণনীয় দুর্ভোগে পড়েন। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, হাসপাতালে গত শুক্রবার দুপুরে চিকিৎসক সেলিম ভূঁইয়াকে গালাগাল করেন ওষুধ কোম্পানির প্রতিনিধি উপজেলার চরপাড়া গ্রামের বাসিন্দা মো. বাবলু ও কচি মিয়া। এর প্রতিবাদ করায় ওই দুজনসহ কয়েকজন প্রতিনিধি সেলিমকে মারধর শুরু করেন। তাঁরা চিকিৎসককে কিল-ঘুষি মারতে মারতে জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের কর্মচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালের ভেতরে তাঁর বাসার উদ্দেশে রওনা হন। পথে আবারও চিকিৎসক সেলিমকে মারধর করা হয়।আহত চিকিৎসক ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা গতকাল দিনব্যাপী কর্মবিরতি পালন করেন। ফলে দূর-দূরান্ত থেকে আসা শত শত রোগী বহির্বিভাগ ও আন্তবিভাগ থেকে বিনা চিকিৎসায় ফিরে যেতে বাধ্য হন।উপজেলার জাফরাবাদ গ্রামের নুরুল ইসলাম তাঁর মেয়ে আসমা খাতুনের পেটের ব্যথার চিকিৎসা করাতে সকালে হাসপাতালে আসেন। কিন্তু কর্মবিরতির কারণে তিনি মেয়ের চিকিৎসা করাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। সেলিম ভূঁইয়া অভিযোগ করে বলেন, ‘ওদের কথামতো ব্যবস্থাপত্রে ওষুধ লেখা হয় না। তাই ওরা আমাকে মারধর করেছে।’ করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল হামিদ বলেন, চিকিৎসককে মারধর করার ঘটনায় গতকাল দুপুরে চিকিৎসকদের এক বৈঠকে মামলা করার সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে কথা বলার চেষ্টা করেও ওষুধ কোম্পানির প্রতিনিধি মো. বাবলু ও কচি মিয়াকে পাওয়া যায়নি।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন মিয়া জানান, মারধরের ঘটনায় গত শুক্রবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।