করিমগঞ্জে ডোবা থেকে যুবলীগ নেতার লাশ উদ্ধার
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মাজহারুল হক (৩২) নামের এক যুবলীগ নেতা খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার কলাতুলী এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মাজহারুল আশুতিয়া গ্রামের মেগু মিয়ার ছেলে ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন জানান, কলাতুলী এলাকার একটি ডোবায় লাশ দেখে স্থানীয় লোকজন তাঁদের খবর দেয়। দুপুর একটার দিকে তাঁরা লাশ উদ্ধার করেন। লাশের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। এসআই বাবুল হোসেন বলেন, তাঁরা ধারণা করছেন, গত সোমবার রাতে যেকোনো সময় মাজহারুলকে দুর্বৃত্তরা হত্যা করে থাকতে পারে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা বলেছেন, গত শনিবার থেকে মাজহারুল নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে তাঁর বাবা মেগু মিয়া গত রোববার থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।