করিমগঞ্জে দুই গ্রামের লোকজনের সংঘর্ষে পুলিশসহ আহত ৫০
কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভার বিবদমান দুটি এলাকার লোকজনের মধ্যে গতকাল শনিবার সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০টি ফাঁকা গুলি ও ১০টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় পুলিশসহ অর্ধশতাধিক গ্রামবাসী আহত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, করিমগঞ্জ থানার পাশে একটি মাইক্রোবাস স্ট্যান্ড থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে আশুতিয়াপাড়া ও চরপাড়া গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে কয়েক দফা ছোটখাটো সংঘর্ষের ঘটনাও ঘটে। শুক্রবার রাতে বিষয়টি মীমাংসা করতে করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন চৌধুরী উভয় পক্ষকে করিমগঞ্জ বণিক সমিতির কার্যালয়ে বৈঠকে ডাকেন। বৈঠকে চরপাড়ার লোকজন যথাসময়ে উপস্থিত হয়। কিন্তু আশুতিয়া গ্রামের কয়েকজন এলেও অধিকাংশ লোকজন না আসায় গতকাল শনিবার সকালে বৈঠকের সময় পুনর্নির্ধারণ করা হয়। এ সিদ্ধান্তের পর বাড়ি ফেরার পথে করিমগঞ্জ নরসুন্দা নদীর সেতুর কাছে উভয় গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পাঁচজন আহত হয়। এ ঘটনার জের ধরে গতকাল সকাল ১০টার দিকে দুই গ্রামের শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।খবর পেয়ে করিমগঞ্জ থানা এবং তাড়াইল থানা ও জেলা সদর থেকে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশ ৫০টি ফাঁকা গুলি ও ১০টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।ঘণ্টাব্যাপী সংঘর্ষে করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সফর আলীসহ উভয় পক্ষে অর্ধশতাধিক আহত হয়। সফর আলীসহ সাতজনকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক মিয়া জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষই মামলা করেনি। তবে পুলিশের পক্ষে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি।