করিমগঞ্জে দুই দফা হামলায় ছাত্রলীগের সম্মেলন পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দফা হামলার ঘটনায় কিশোরগঞ্জের করিমগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন পণ্ড হয়ে গেছে। আমন্ত্রণ না পেয়ে আওয়ামী লীগের এক নেতার সমর্থকেরা এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে করিমগঞ্জ কলেজ মিলনায়তনে কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা ছিল। ওই সম্মেলনে যোগ দিতে জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কলেজ প্রাঙ্গণে জড়ো হন। একপর্যায়ে তাঁরা সেখান থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন চৌধুরীর সমর্থকেরা হামলা চালায়। পরে ছত্রভঙ্গ নেতা-কর্মীরা আবারও কলেজ মিলনায়তনে ফিরে যান। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানেও হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা সম্মেলনের মঞ্চ, চেয়ার-টেবিল ও মাইক ভাঙচুর করেন। তাঁদের হামলায় অন্তত পাঁচজন আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. কামরুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘আমন্ত্রণ না পেয়ে মামুন চৌধুরীর সমর্থকেরা দুই দফা হামলা চালিয়ে সম্মেলন পণ্ড করে দিয়েছে। এ ঘটনা দুঃখজনক।’অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের নেতা মামুন চৌধুরী বলেন, ‘আমার কোনো সমর্থক নয়, অভ্যন্তরীণ কোন্দলের জেরে কয়েকজন যুবক এ ঘটনা ঘটিয়েছে। শেষমেশ আমিই বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছি।’