করিমগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী প্রচারণাকালে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহত ১০ জনকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও করিমগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন সিরাজুল ইসলাম (৫৫), হেলিম (৩৫), সেলিম (৪০), আবদুর রহমান (৫৫), শামীম চৌধুরী (৩২), রুস্তম (৩০), আবুল হাসেম (৫০), জাহাঙ্গীর (২৫), হাদিস মিয়া (৩৬) ও মামুন (২৪)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৬ নম্বর দেহুন্দা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. তাজুল ইসলামের একদল সমর্থক গতকাল সকালে নির্বাচনী প্রচারণায় বের হয়। ভাটিয়া গ্রামে যাওয়ার পথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. কামরুজ্জামানের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে এর জের হিসেবে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘কামরুজ্জামানের সমর্থকেরা দা ও লাঠি নিয়ে অতর্কিতে আমার সমর্থকদের ওপর হামলা চালিয়ে ১৭ জনকে আহত করেছে। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থার পর থানায় এজাহার দেওয়া হবে।’কামরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন মিয়া গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কোনো পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।