করিমগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আবদুল কুদ্দুস (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের আশুতিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আশুতিয়াপাড়া গ্রামের ফজলুর রহমানের লোকজনের সঙ্গে আবদুস শহীদের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মাস তিনেক আগে স্থানীয় মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে এ বিরোধ চরমে ওঠে। গতকাল সকালে ফজলুর রহমানের পক্ষের এক কৃষক জমিতে কাজ করতে গেলে আবদুস শহীদের লোকজন তাঁকে মারধর করেন। এ ঘটনার পর দুই পক্ষের কয়েক শ লোক সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষের একপর্যায়ে ফজলুর রহমানের লোকজন পিছু হটে। এ সময় আবদুস শহীদের লোকদের ছোড়া বল্লমের আঘাতে ফজলুর রহমানের পক্ষের আবদুল কুদ্দুস ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।করিমগঞ্জ থানার ওসি খন্দকার শওকত জাহানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।