করিমগঞ্জে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ভাটিয়া উচ্চবিদ্যালয়ে গতকাল দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও আশপাশের গ্রামের অনেকেই এ প্রদর্শনী উপভোগ করেন। ‘দুর্নীতি একুশের চেতনার পরিপন্থী’ স্লোগান নিয়ে বিদ্যালয়ের মাঠে এ প্রদর্শনী শুরু হয় বেলা ১১টায়। এতে ২০টি কার্টুন প্রদর্শিত হয়। বেলা দুইটায় দেহুন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তাহের ফকিরের সভাপতিত্বে আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা খুরশিদ উদ্দিন, সচেতন নাগরিক কমিটি (সনাক) কিশোরগঞ্জের সদস্য আবদুল গণি, রাজেশ অধিকারী প্রমুখ। আলোচনা সভার আগে প্রধান শিক্ষক খুরশিদ উদ্দিন উপস্থিত সাত শতাধিক শিক্ষার্থী ও কয়েক শ এলাকাবাসীকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। এরপর মুক্তি চৌধুরী রচিত দুর্নীতিবিরোধী নাটক জেগে ওঠো আরেকবার মঞ্চস্থ হয়। শেষে ভাষা, মুক্তিযুদ্ধ ও দুর্নীতিবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল সচেতন নাগরিক কমিটি (সনাক) কিশোরগঞ্জের ইয়েস গ্রুপ।