করিমগঞ্জে ধান কাটা নিয়ে সংঘর্ষ, তিনজন গুলিবিদ্ধ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে সাতজন।গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাকশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন, খাকশ্রী গ্রামের আবদুল কদ্দুস, তাঁর দুই ছেলে ওসমান ও স্বপন মিয়া। তাঁদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, জমি নিয়ে একই গ্রামের বাচ্চু মিয়ার সঙ্গে তাঁর চাচাত ভাই নজরুল মিয়ার বিরোধ চলছিল। গতকাল দুপুরে নজরুলের লোকজন বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ আলী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, পাইপগান থেকে গুলি ছোড়া হয়। ঘটনাস্থল থেকে পাইপগানের গুলির একটি খোসা উদ্ধার করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।