করিমগঞ্জে নৌকা ডুবে দুজনের মৃত্যু
কিশোরগঞ্জের করিমগঞ্জে নাগচিনি নদীতে নৌকাডুবিতে দুই ব্যক্তি মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার চামড়াঘাট এলাকায় যাত্রীবাহী একটি খেয়া নৌকা ডুবে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন জুবেদা খাতুন (৪৫) ও আবদুল কুদ্দুস (৪৪)। জুবেদা খাতুন উপজেলার মুড়িকান্দি গ্রামের আবদুস সোবহানের স্ত্রী এবং আবদুল কুদ্দুস ভাটিয়া মোড়লপাড়া গ্রামের বাসিন্দা।ডুবে যাওয়া নৌকার যাত্রীরা জানান, চামড়াঘাট থেকে সাধারণত ইঞ্জিনচালিত নৌকায় করে স্থানীয় লোকজন নাগচিনি নদী পার হয়। গতকাল সকাল আটটার দিকে নৌকাটি নদী পার হওয়ার সময় ঢেউয়ের সঙ্গে প্রবল বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় নৌকায় ১৪-১৫ জন যাত্রী ছিলেন। মাঝ নদীতে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা সবাই সাঁতরে পাড়ে উঠতে পারলেও দুজন নিখোঁজ রয়ে যান। খবর পেয়ে করিমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ চার ঘণ্টা পর নিখোঁজ ব্যক্তিদের লাশ উদ্ধার করে। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।