করিমগঞ্জে পাল্টাপাল্টি মাহফিলের ডাক প্রশাসনের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় একই স্থানে পাল্টাপাল্টি ওয়াজ মাহফিল আহ্বান করায় প্রশাসনের নির্দেশে উভয় পক্ষের মাহফিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এই মাহফিল হওয়ার কথা ছিল। প্রশাসন দেওয়ান বকশীর পীরের সমর্থকদের মঞ্চ ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় নয়াকান্দি জামে মসজিদ কমিটি ও দেওয়ানবাগীর অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। করিমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ হাক্কানী প্রথম আলোকে জানান, সহিংসতা এড়াতে সকাল থেকে অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, এক সপ্তাহ আগে আনন্দবাজারে দেওয়ানবাগীর অনুসারীরা বার্ষিক ওয়াজ মাহফিলের ঘোষণা দিয়ে মাইকে প্রচারণা শুরু করে। সে অনুযায়ী তাদের প্রস্তুতিও চলতে থাকে। কিন্তু স্থানীয় নয়াকান্দি জামে মসজিদ কমিটি দেওয়ানবাগী পীরের কর্মকাণ্ডকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে তাদের ওয়াজ মাহফিলের বিরোধিতা করে। গত বুধবার মসজিদ কমিটি এ বিষয়ে স্থানীয় পুলিশকে একটি লিখিত অভিযোগ করে। পরদিন সন্ধ্যায় মসজিদ কমিটিও একই স্থানে মাহফিলের ঘোষণা দিয়ে মাইকে প্রচারণা শুরু করে। এ নিয়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে চলে যায়।