করিমগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হালধরা গ্রামে গতকাল বৃহস্পতিবার বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাফির উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর পাঁচজন। তাঁদের তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে নিহত সাফির উদ্দিনের সঙ্গে তাঁর চাচাতো ভাই হাফিজ উদ্দিনের বিরোধ চলছিল। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে সাফির উদ্দিন বাড়ির সীমানার একটি গাছ কাটতে যান। এ সময় হাফিজ উদ্দিন ও তাঁর ছেলেরা বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষ লাঠি দিয়ে সাফির উদ্দিনের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অপর পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত তিনজনকে কিশোরগঞ্জ সদরের আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।