করিমগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে অর্ধশতাধিক আহত
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে তিনজন সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলা শহরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, ৩ সেপ্টেম্বর করিমগঞ্জ উপজেলা বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জেলা কমিটির আহ্বায়ক আইনজীবী ফজলুর রহমান স্বাক্ষরিত ওই কমিটির আহ্বায়ক হন আজিজুল ইসলাম। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক-সমর্থিত ওই কমিটি গতকাল বিকেল চারটায় করিমগঞ্জ বাজারের পাটমহলে বিএনপির অস্থায়ী কার্যালয়ে পরিচিতি সভা ও আনন্দমিছিল করার ঘোষণা দেয়। ওই কর্মসূচি পালনের জন্য মঞ্চ তৈরি ও মাইকিং করাসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। গতকাল দুপুর ১২টার দিকে সাবেক কমিটির সভাপতি রফিকুর রহমানের নেতৃত্বে বিএনপির শতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে সভাস্থলে গিয়ে মঞ্চ, মাইক, প্যান্ডেল, চেয়ার-টেবিল ও ড. এম ওসমান ফারুকের বিলবোর্ড গুঁড়িয়ে দেন। এর পরপরই নবগঠিত কমিটির আহ্বায়ক আজিজুল ইসলামের নেতৃত্বে বিএনপির শতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে তাঁদের ধাওয়া করেন। বেলা একটার পর থেকে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিকেল চারটার দিকে উভয় পক্ষ সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে তিন সাংবাদিকসহ উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহন হন। পরে করিমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মধ্যে কালের কণ্ঠ-এর কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনান, মানবজমিন-এর আশরাফুল ইসলাম ও নয়া দিগন্ত-এর করিমগঞ্জ প্রতিনিধি আল-আমিন কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎ সা নিয়েছেন। গুরুতর আহত করিমগঞ্জ পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি শফিকুর রহমান ও ছাত্রনেতা রাকিবকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুণধর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাজুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ১১ জনকে।গতকাল সন্ধ্যায় করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শওকত জাহান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো পক্ষই এখন পর্যন্ত মামলা করেনি।