করিমগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। মামলায় সাবেক শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুকের সমর্থিত পক্ষের বিএনপির নেতা সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শুক্রবার সুমনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। করিমগঞ্জ থানায় উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাদী হয়ে মামলা দুটি করেন।পাল্টাপাল্টি মামলায় আসামি করা হয়েছে দেড় শতাধিক নেতা-কর্মীকে। ফলে উপজেলা বিএনপির অধিকাংশ নেতা-কর্মী বর্তমানে পালিয়ে আছেন। বুধবার মামলা দুটি থানায় রেকর্ড করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় বর্তমান আহ্বায়ক আজিজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আশরাফ হোসেনসহ ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের আরও ৩০-৩৫ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।অন্যদিকে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম বাদী হয়ে উপজেলা বিএনপির সদ্য বিদায়ী সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক শফিউজ্জামানসহ ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের আরও ৬০-৭০ জনকে আসামি করে পাল্টা আরেকটি মামলা করেন।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শওকত জাহান মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন।উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সোমবার বিবদমান দুই পক্ষের সংঘর্ষে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, তিন সাংবাদিকসহ ৫০ জনেরও বেশি নেতা-কর্মী আহত হন। এ সময় ভাঙচুর করা হয় দলীয় কার্যালয়।