করিমগঞ্জে বিএনপির দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গতকাল বুধবার বিএনপির বিবদমান দুই পক্ষের একই স্থানে সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়। এ ঘটনায় বিএনপির এক পক্ষ গতকাল বুধবার দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকায় সাবেক শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুকের গাড়ি ভাঙচুর করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম কবীর জানান, ময়মনসিংহে বেগম খালেদা জিয়ার সমাবেশে যোগদানের উদ্দেশে উপজেলা বিএনপির বর্তমান সভাপতি আজিজুর রহমান ও সাবেক সভাপতি রফিকুর রহমানের পক্ষের নেতা-কর্মীরা সকাল ১০টায় পৌর এলাকার পাটমহালে পাল্টাপাল্টি প্রস্তুতিমূলক সমাবেশ আহ্বান করেন। এতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পাটমহালসহ আশপাশের এলাকায় সকাল থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান জানান, বেগম খালেদা জিয়ার সমাবেশ সফল করতে উপজেলা বিএনপির কর্মী-সমর্থকেরা পাল্টাপাল্টি প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করেন। এতে সহিংসতার আশঙ্কা ছিল।এদিকে গতকাল বেলা দেড়টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক কিশোরগঞ্জ শহরে এলে দলের একটি পক্ষ তাঁর গাড়ি ভাঙচুর করে। এর প্রতিবাদে ওসমান ফারুকের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করা হয়।উপজেলা বিএনপির বর্তমান সভাপতি আজিজুর রহমান সাবেক শিক্ষামন্ত্রীর সমর্থক।