করিমগঞ্জে বিনা মূল্যে সহস্র শিশুর খৎনা
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গত দুই দিনে আনুষ্ঠানিকভাবে বিনা মূল্যে সহস্র শিশুর খৎনা করা হয়েছে। উপজেলার ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল শনিবার এ গণখৎনার অনুষ্ঠান শেষ হয়।এ অনুষ্ঠানে কিশোরগঞ্জের করিমগঞ্জ, তাড়াইল ও ইটনা, ময়মনসিংহের নান্দাইল এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এক হাজার গরিব শিশু অংশ নেয়। খৎনা করার পর প্রত্যেক শিশুকে বিনা মূল্যে লুঙ্গি, গেঞ্জি, টুপি, স্যান্ডেল ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।অনুষ্ঠানে সংগীতশিল্পী রিজিয়া পারভিন সংগীত পরিবেশন করেন। এ ছাড়াও ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রদর্শন করা হয়। খৎনা করতে আসা করিমগঞ্জের সাইফুল, তাড়াইলের রহিম, নান্দাইলের আফছরসহ অনেকেই প্রথম আলোকে জানায়, এভাবে আনন্দঘন পরিবেশে খৎনা করতে পেরে তারা বেজায় খুশি।গত বছরও একই মাঠে বিনা মূল্যে ৫০০ শিশুর খৎনা করা হয়। এলাকাবাসীর অর্থনৈতিক সহযোগিতায় ঈশা খাঁ সমাজকল্যাণ সমিতি, খুর্শিদ মেমোরিয়াল হাসপাতাল ও নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের ব্যবস্থাপনায় এ গণখৎনার আয়োজন করা হয়।এ অনুষ্ঠানের উদ্যোক্তা উপজেলার ইসলামপুর গ্রামের ব্যবসায়ী এমরান আলী ভূঁইয়া।