করিমগঞ্জে ভটভটির ধাক্কায় দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জে ডিজেলচালিত ভটভটির ধাক্কায় হীরামণি (৫) ও আশামণি (৬) নামের দুই শিশু নিহত হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার উত্তর কান্দাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

হীরামণি করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামের মঞ্জিল মিয়ার ও আশামণি একই উপজেলার কালীপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তাঁরা সম্পর্কে আপন খালাতো বোন।
পুলিশ সূত্র জানায়, বেলা সাড়ে তিনটার দিকে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে কালীপুর গ্রাম থেকে পরিবারের সদস্যদের সঙ্গে দুই বোন উত্তর কান্দাইল গ্রামে নানাবাড়িতে যাচ্ছিল।
চারটার দিকে অটোরিকশাটি উত্তর কান্দাইল গ্রামে পৌঁছে। অটোরিকশা থেকে নামার পর একটি ভটভটি এসে দুজনকে ধাক্কা দিয়ে পাশের ধানখেতে উল্টে পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই তাদের মৃত্যু হয়।
করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, ভটভটির চালক আজিজ মিয়াকে আটক করা হয়েছে।
পুলিশ হেফাজতে চালক আজিজ জানান, শিশু দুটি হঠাৎ করে সড়কের মধ্যে চলে আসে। যখন বুঝতে পারেন, তখন গতি নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না।