কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নে ভিজিডি কার্ডের তালিকা সঠিকভাবে তৈরি করা হয়নি অভিযোগে হাইকোর্টে রিট করা হয়েছে।বিচারপতি ফরিদ আহম্মদ ও মো. শওকত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে গত মঙ্গলবার রিট আবেদন করেন ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মইনউদ্দিন আহম্মেদ। আদালত আবেদনটি গ্রহণ করে ওই তালিকা কেন অবৈধ ও আইনবহির্ভূত নয়—এ কারণ দর্শানোর জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, কিশোরগঞ্জের জেলা প্রশাসক, করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। আগামী চার সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।অভিযোগে বলা হয়, গুজাদিয়া ইউনিয়ন পরিষদকে পাশ কাটিয়ে স্থানীয় সাংসদের নির্দেশে মহাজোট নেতারা প্রকৃত দুস্থ-অসহায়দের বাদ দিয়ে ১১০টি ভিজিডি কার্ডের তালিকা চূড়ান্ত করেন। এতে ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ স্থানীয় জনমনে ক্ষোভ দেখা দেয়। শেষ পর্যন্ত পরিষদ সদস্যরা নিজের অধিকার ফিরে পেতে হাইকোর্টে রিট করতে বাধ্য হন। মামলার বাদী মইনউদ্দিন অভিযোগ করেন, সঠিক তালিকা না হওয়ায় পরিষদ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ভিজিডি কার্ডের চাল উত্তোলন করেও বিতরণ করতে পারেনি। ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান জানান, ‘প্রকৃত দুস্থদের বাদ দিয়ে তালিকা করায় আমরা ওই তালিকার সঙ্গে একমত হতে পারিনি।’ স্থানীয় সাংসদ মুজিবুল হক মুঠোফোনে জানান, এ বিষয়ে সাংসদের সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। সংশ্লিষ্ট কমিটি সঠিক তালিকা তৈরি করতে না পারলে এটা তাদের ব্যর্থতা। কমিটির লোকজন ও চেয়ারম্যানই প্রকৃত ঘটনা বলতে পারবে।