কিশোরগঞ্জের করিমগঞ্জে লিমা আক্তার হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকেরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
গতকাল বুধবার সকালে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের ইচ্ছাগঞ্জ উচ্চবিদ্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। লিমা (১৩) একই এলাকার হুমায়ুন মিয়ার মেয়ে এবং ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লিমার বাবা ঢাকায় গাড়ি চালান। এ জন্য পরিবারের চার সন্তান নিয়ে ঢাকায় থাকেন। বড় মেয়ে লিমা তার দাদা মন্নাছ মিয়ার সঙ্গে উপজেলার জাটিয়াপাড়া গ্রামে থেকে পড়াশোনা করত। লিমার বাবার সঙ্গে একই এলাকার হাকিম মিয়ার (২৫) বন্ধুত্ব ছিল। এ কারণে লিমাদের বাড়িতে যাতায়াত করতেন হাকিম। তিনি প্রায়ই ওই বাড়িতে যেতেন এবং লিমার সঙ্গে কথা বলতেন।
গত রোববার রাত সাড়ে নয়টার দিকে বাড়িতে মেহমান আসছে বলে লিমাকে বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নেন হাকিম। এরপর দুই দিন খোঁজাখুঁজি করেও লিমার কোনো সন্ধান পায়নি পরিবার। গত মঙ্গলবার বিকেলে তাড়াইল উপজেলার রাজঘাট এলাকায় নরসুন্দা নদীতে স্থানীয় লোকজন এক কিশোরীর লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিলে স্বজনেরা সেটি লিমার বলে শনাক্ত করেন। গতকাল বিকেলে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লিমার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়।
এদিকে মঙ্গলবার ভোররাতে হাকিমকে বিষ খেয়ে বাড়ির পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী উদ্ধার করেন। পরে স্বজনেরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
লিমার চাচা মোহাম্মদ কাইয়ুম অভিযোগ করেন, ‘হাকিম আমার ভাতিজিকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের পর ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করে নদীতে লাশ ফেলে দিয়ে নিজে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়।’
গতকাল বিকেলে হাকিমের বাবা ফজলু মিয়ার সঙ্গে কথা হয়। তিনি দাবি করেন, ‘আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছেলের চিকিৎসা করাচ্ছি। আমার ছেলে হাকিম ষড়যন্ত্রের শিকার।’