করিমগঞ্জে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার লাখপুর ও দেহুন্দা গ্রামের লোকজনের মধ্যে গত শুক্রবার সংঘর্ষে আহত কুবেদ মিয়া (৪৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত কুবেদ মিয়া কিরাটন ইউনিয়নের লাখপুর গ্রামের আবদুল মজিদের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, মুঠোফোনে চার্জ দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার সকালে লাখপুর গ্রামের আবদুল মজিদের ছেলে কুবেদ মিয়ার সঙ্গে দেহুন্দা গ্রামের আল আমিনের তর্ক হয়। একপর্যায়ে এ নিয়ে উভয় গ্রামের অর্ধশতাধিক লোক দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে কুবেদ মিয়া (৪৫), গোলাপ মিয়া (৫৮), জজ মিয়া (৫২), হেলাল উদ্দিন, (৪২), নুর ইসলামসহ (৬০) ১০ জন আহত হন। গুরুতর আহত কুবেদ মিয়াকে প্রথমে করিমগঞ্জ ও পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতালে নেওয়া হয়। এখানকার চিকিৎসকেরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে কুবেদ মিয়া মারা যান। আহত জাকারিনকে (২২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। করিমগঞ্জ থানার ওসি মো. আখতারুজ্জামান জানান, এ ব্যাপারে নিহত কুবেদের বাবা আবদুল মজিদ বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। গতকাল বিকেলে পুলিশ প্রধান আসামি আল আমিনকে গ্রেপ্তার করেছে।