করিমগঞ্জে সংঘর্ষে নিহত ১
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গৌড়ারগোপ গ্রামে উড়ন্ত একাদশ নামের একটি সমিতির টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে সমিতির সভাপতি দুলাল মিয়া নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সমিতির সদস্য ফজলুর রহমান প্রায় এক বছর আগে সমিতির তহবিল থেকে পাঁচ হাজার টাকা ঋণ নেন। কিন্তু তিনি ওই টাকা ফেরত দেননি। এই নিয়ে সভাপতি দুলালের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। গতকাল সকালে সভাপতি সমিতির কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে ওই টাকা আদায়ের জন্য ফজলুর বাড়ি যান। সেখানে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে ঘটনাস্থলেই দুলালের (৪৫) মৃত্যু হয়। এ ছাড়া মীর হোসেন (৬০), আলাল হোসেন (৬৫), জামাত মিয়া (১৩) ও সোহেল মিয়া (২৫) আহত হন। ছুরিকাঘাতে গুরুতর আহত সোহেলকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।