করুণ দশা এখনো কাটেনি
এক বছর পেরিয়ে গেলেও বেহাল দশা কাটেনি শহীদ মিনারটির। এ বছর বেদিতে গোবর শুকানো হচ্ছে না। তবে আরাম করে শুয়ে আছে ছাগল। চারদিকে করাতকলের কাঠের স্তূপ আর এক পাশে হাট-বাজারে আসা মানুষের প্রস্রাব করার জায়গা। নাকে কাপড় চেপে যেতে হয় শহীদ মিনারটির কাছে। এ দৃশ্যটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী উচ্চবিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের।এলাকাবাসী জানায়, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ে এলাকার সচেতন মানুষ উদ্যোগ নিয়ে নিমগাছী উচ্চবিদ্যালয়ে শহীদ মিনারটি স্থাপন করে। বিভিন্ন সময় এর রক্ষণাবেক্ষণ করা হলেও দীর্ঘদিন ধরে অবহেলা আর অযত্নে পড়ে আছে শহীদ মিনারটি। এ জন্য এলাকাবাসী দায়ী করে এলাকার একটি প্রভাবশালী মহলকে। কয়েক বছর ধরে শহীদ মিনারের এলাকাটি একজন করাতকল মালিকের কাছে ইজারা দেওয়া হয়েছে। সেখানে স্তূপ করে রাখা হয়েছে কাটার জন্য আনা কাঠ। বিদ্যালয়ের প্রাচীর ঘেঁষে রয়েছে প্রস্রাব করার জায়গা। ফলে জায়গাটি দূষিত হয়ে পড়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক নিমগাছী উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, বিদ্যালয়ের সীমানাপ্রাচীর তৈরির সময় শহীদ মিনারটি ভেঙে সীমানার মধ্যে করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি। ফলে এটি সীমানাপ্রাচীরের বাইরে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বলেন, বিদ্যালয়ের প্রাচীরের বাইরে থাকায় শহীদ মিনারটির যথাযথ সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, জায়গার মালিকানা দাবি করে ভূমিদাতাদের ওয়ারিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষের পাল্টাপাল্টি তিনটি মামলা বিচারাধীন থাকায় শহীদ মিনারের সংরক্ষণের ব্যাপারে কিছু করা যাচ্ছে না। মামলা মিটে গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ২০১১ সালের ১৮ ফেব্রুয়ারি প্রথম আলোয় এ-সংক্রান্ত একটি ছবি ছাপা হয়। এর পর থেকে বেদিতে গোবর শুকাতে না দিলেও শহীদ মিনারটির সার্বিক পরিবেশ আগের মতোই রয়েছে।