করুণাময় গোস্বামী আজীবন অসাম্প্রদায়িক চেতনার চর্চা করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট সংগীত গবেষক করুণাময় গোস্বামী স্মরণে গতকাল নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো
বিশিষ্ট সংগীত গবেষক করুণাময় গোস্বামী স্মরণে গতকাল নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো

‘শিক্ষক করুণাময় গোস্বামীকে ছাপিয়ে উঠেছে যে পরিচয়টি, সেটি হচ্ছে লেখক করুণাময় গোস্বামী, সৃষ্টিশীল করুণাময় গোস্বামী। আমাদের দেশে সংগীত নিয়ে যে দু-তিনজন খুব গভীরভাবে কাজ করেছেন, তাঁদের একজন হচ্ছেন করুণাময় গোস্বামী। শেষ সময়টিতে মৌলিক কিছু কাজ রেখে গেছেন তিনি। ড. করুণাময় গোস্বামী আজীবন অসাম্প্রদায়িক চেতনার চর্চা করেছেন।’

বিশিষ্ট সংগীত গবেষক করুণাময় গোস্বামী স্মরণে আয়োজিত নাগরিক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।

গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ড. করুণাময় গোস্বামী নাগরিক স্মরণসভা বাস্তবায়ন পরিষদ এই সভার আয়োজন করে।

স্মরণসভায় বক্তারা আরও বলেন, ‘অনেক শিক্ষক শুধু শিক্ষকতা নিয়েই থাকেন। কিন্তু করুণাময় গোস্বামীর ভেতরে একটি অনুসন্ধিৎসু মন ছিল। তাই তিনি শিক্ষকতার পাশাপাশি নজরুল, রবীন্দ্রসংগীতসহ বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেছেন। এর ফলশ্রুতিতে আমরা সঙ্গীত কোষ-এ মতো একটি অসাধারণ গ্রন্থ পেয়েছি। তাই মানবীয় সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় করুণাময় গোস্বামীর মতো মানুষের বেশি প্রয়োজন।’

করুণাময় গোস্বামীর সহকর্মী অধ্যাপক বুলবুল চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, ড. করুণাময় গোস্বামী নাগরিক স্মরণসভা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক কাশেম জামাল, সদস্যসচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি কবি হালিম আজাদ, গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সভাপতি আওলাদ হোসেন, সমমনা সভাপতি রীণা আহম্মেদ, মহিলা পরিষদের জেলা সভাপতি লক্ষ্মী চক্রবর্তী। স্মরণসভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।