করে ভোট চাইলেন সাংসদ আবদুল কুদ্দুস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরসভার নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাইলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের ক্ষমতাসীন দলের সাংসদ মো. আবদুল কুদ্দুস।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের চাঁচকৈড় বাজারে ‘বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’-এ বঙ্গবন্ধু প্রজন্ম লীগ পৌর শাখার ত্রিবার্ষিক (৫-৬ নম্বর ওয়ার্ড) সম্মেলনের আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলীর পক্ষে সাংসদ নির্বাচনী প্রচারণা চালান।

সাংসদ বলেন, দলীয় প্রার্থীকে পরাজিত করতে দলীয় কিছু বিপথগামী নেতা-কর্মী বিভ্রান্তি ছড়াচ্ছে। তারপরও দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে তার (সাংসদ) মনোনীত প্রার্থীকে নিয়ে সরাসরি নির্বাচনী প্রচারণায় নামবেন। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে তিনি জবাবদিহি দেবেন।

জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম আযম বলেন, পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৫-এর ২২ বিধি মোতাবেক তফসিল ঘোষণার পর সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সাংসদ, মন্ত্রী, প্রতিমন্ত্রী    কিংবা তদূর্ধ্ব পদমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না।

এ ব্যাপারে সাংসদ আবদুল কুদ্দুস গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আচরণবিধি ভঙ্গের জবাব তিনি নির্বাচন কমিশনকে দেবেন, কোনো সাংবাদিককে নয়।

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের পৌর কমিটির সভাপতি স্বাধীন মাহমুদ।