করেতাঁর নৌকার যাত্রা শুর
পাল তুলে নৌকা ভাসিয়ে দিয়েছেন ফরাসি অভিযাত্রী করেতাঁ দেশাতেল। গতকাল শনিবার দুপুরে বাংলাদেশের পাট আর ফাইবার গ্লাসের মিশ্রণে তৈরি অভিনব নৌকায় সাভারের বংশী নদী থেকে ভূমধ্যসাগরের উদ্দেশে তিনি যাত্রা শুরু করেছেন।এ উপলক্ষে সকালে সাভারের বংশীবাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে বেলা একটায় করেতাঁ নৌকা ছেড়ে দেন। পাল তুলে তাঁর নৌকা তরতর করে এগিয়ে চলে। সব ঠিক থাকলে এভাবেই তিনি একে একে সাগর পাড়ি দিয়ে শ্রীলঙ্কা, ওমান, মিসর আর সুয়েজখাল হয়ে পৌঁছাবেন ভূমধ্যসাগরে। সাগর পাড়ি দিয়ে নিজের দেশ ফ্রান্সে গিয়ে শেষ হবে যাত্রা।করেতাঁর বিশেষভাবে নির্মিত নৌকাটির গভীরতা ১ দশমিক ৩ মিটার। নয় মিটার দীর্ঘ ও দুই মিটার প্রশস্ত এ নৌকার পালটি সাড়ে সাত মিটার উঁচু। নৌকা চলবে এ পালের সাহায্যেই। তবে জরুরি প্রয়োজনের জন্য ছোট একটি ইঞ্জিনও রয়েছে। দীর্ঘ এ পথে তাঁর সঙ্গে থাকবে মুঠোফোন, ল্যাপটপ ও ক্যামেরা। এ ছাড়া গ্যাসের চুলা, শুকনো খাবার ও পর্যাপ্ত পানি তো আছেই।সংবাদ সম্মেলনে করেতাঁ ছাড়াও বক্তব্য দেন সমাজসেবা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপের উপদেষ্টা ফ্রান্সের নৌ বিশেষজ্ঞ ইভ মার ও নির্বাহী পরিচালক রুনা মার এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।গত বছরের এপ্রিলে বাংলাদেশে আসার পর একটি জাহাজে স্থাপিত সেবামূলক ভ্রাম্যমাণ হাসপাতালে কাজ করেছেন করেতাঁ। ফ্রেন্ডশিপের উপদেষ্টা তাঁর স্বদেশি ইভ মার ওই সেবাকাজের উদ্যোক্তা।ইভ মার বলেন, বেঙ্গল জুট ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় তাদের ‘তাড়াতাড়ি শিপইয়ার্ড’-এ তিন মাস ধরে নৌকাটি নির্মাণ করা হয়। এর নকশা করেছেন ফরাসি নৌ প্রকৌশলী মাখ ভ্যান পেথাগাম।ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালক রুনা মার বলেন, বাংলাদেশে প্রতি বছর নৌকার মাধ্যমে জীবিকা উপার্জনকারী অনেক লোক দুর্ঘটনায় প্রাণ হারায়। এ জন্য তাঁরা এমন একটি নৌকা বানানোর চিন্তা করেন, যা দুর্ঘটনার ভয় ছাড়া সাগরে চলতে পারে। আর এ নৌকা বানাতে হবে বাংলাদেশের সামগ্রী দিয়েই। তাই দীর্ঘদিন গবেষণার পর পাটের আঁশ আর ফাইবার গ্লাসের মিশ্রণে এটি বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।করেতাঁ বলেন, ‘বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য কাজ করতে এসে আমি নৌকায় করে বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করি। আজকের নৌ-যাত্রা এ পরিকল্পনারই ফসল। এই অভিযানের মধ্য দিয়ে পাটশিল্পের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।’বেঙ্গল গ্রুপ লিমিটেডের স্বত্বাধিকারী আবুল খায়ের বলেন, তাড়াতাড়ি শিপইয়ার্ডের মাধ্যমে আপাতত প্রতি মাসে ২০টি করে এ ধরনের নৌকা বানানো হবে, আর আগামী ডিসেম্বর থেকে প্রতি মাসে তৈরি হবে ১০০টি করে। সাগরে মাছ ধরার সঙ্গে জড়িত জেলেদের কিস্তিতে এ নৌকা দেওয়া হবে। এ নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা নেই বলে এতে প্রাণহানির আশঙ্কা কমে যাবে।